যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত বিখ্যাত ব্রুকলিন ব্রিজে ধাক্কা লেগেছে মেক্সিকান নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজের। এতে জাহাজটির তিনটি মাস্তুল ভেঙে পড়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে।
রোববার এএফপির এক প্রতিবেদনে দেখা যায়, ‘কুয়াহটেমোক’ নামের জাহাজটি যখন ব্রুকলিন ব্রিজের নিচ দিয়ে অতিক্রম করছিল, তখন সেটির ৪৮.২ মিটার (প্রায় ১৫৮ ফুট) উচ্চতার মাস্তুলগুলো ব্রিজে আঘাত হানে। জাহাজটিতে সে সময় প্রায় ২০০ আরোহী ছিলেন।
মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনার সময় অনেক নাবিক পালের নিচে অবস্থান করছিলেন। দুর্ঘটনার মুহূর্তে আতঙ্কিত দর্শনার্থীদের অনেককে দৌঁড়ে সরে যেতে দেখা যায়। কেউ কেউ পানিতে মানুষ পড়ে যেতে দেখেছেন বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) মেক্সিকান নৌবাহিনী জানায়, প্রশিক্ষণের অংশ হিসেবে পরিচালিত এই জাহাজটি ‘দুর্ঘটনাক্রমে’ ক্ষতিগ্রস্ত হয়েছে।
নৌবাহিনীর পক্ষ থেকে আরো বলা হয়, এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি এবং তারা নিরাপত্তা, স্বচ্ছতা এবং ভবিষ্যৎ নৌ-অফিসারদের উন্নত প্রশিক্ষণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
‘কুয়াহটেমোক’ একটি বার্ক ধাঁচের জাহাজ, যা মেক্সিকোর নৌবাহিনীর প্রশিক্ষণ জাহাজ হিসেবে পরিচিত এবং আন্তর্জাতিক সফরে অংশগ্রহণের অভিজ্ঞতাও রয়েছে। দুর্ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

