গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় নিহতের সংখ্যা ৫৩ হাজার ৩৩০ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় অন্তত ৬৭ ফিলিস্তিনির মরদেহ হাসপাতালে পৌঁছেছে। আহত হয়েছেন আরো অন্তত ৩৬০ জন। রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এসব তথ্য জানিয়েছে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ৩৩৯ জনে। আহত হয়েছেন ১ লাখ ২১ হাজার ৩৪ জন। বহু মানুষ এখনও ধ্বংসস্তূপে চাপা পড়ে আছেন বা সড়কে পড়ে থাকলেও উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না।
গত ১৮ মার্চ থেকে গাজায় ইসরায়েল নতুন করে বিমান ও স্থল অভিযান শুরু করলে আবারও ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটছে। গত দুই মাস কিছুটা থমকে থাকার পর ইসরায়েলি হামলা ফের তীব্র হয়ে ওঠে। ওই সময় থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৩ হাজার ১৯৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৮ হাজার ৯৯৩ জন।
এ হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন বলে অভিযোগ উঠেছে। জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল সাময়িকভাবে হামলা বন্ধে সম্মত হয়। তবে মার্চের তৃতীয় সপ্তাহে হামাসের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের হামলা শুরু করে তারা।
জাতিসংঘ বলছে, দীর্ঘ যুদ্ধের কারণে গাজার প্রায় ৯০ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। অবরুদ্ধ উপত্যকাটির বেশিরভাগ আবাসিক ও বেসরকারি অবকাঠামো চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
গাজায় চলমান অভিযানের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়েও কঠোর প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এছাড়া দক্ষিণ আফ্রিকার দায়ের করা এক মামলার প্রেক্ষিতে ইসরায়েল গাজার বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে কিনা, তা তদন্ত করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

