প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন সময় রোববার (১৮ মে) এক বিবৃতিতে তার দপ্তর বিষয়টি নিশ্চিত করে জানায়, ক্যান্সারটি ইতিমধ্যে তার শরীরের হাড়ে ছড়িয়ে পড়েছে।
বিবৃতিতে বলা হয়, গত সপ্তাহে প্রস্রাবজনিত জটিলতা দেখা দিলে বাইডেনের প্রোস্টেট পরীক্ষা করা হয়। এতে গোলাকৃতি একটি অস্বাভাবিক গঠন ধরা পড়ে। পরে শুক্রবার চিকিৎসকরা নিশ্চিত করেন, বাইডেন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, এটি একটি ‘আক্রমণাত্মক ধরনের’ ক্যান্সার। গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫) হওয়ায় এটি মারাত্মক বিবেচিত। ক্যান্সারটি ইতিমধ্যেই হাড়ে ছড়িয়ে পড়েছে বলে জানানো হয়েছে।
তবে আশার কথা হলো, ক্যান্সারটি হরমোন-সংবেদনশীল হওয়ায় চিকিৎসা সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকেরা। প্রেসিডেন্ট বাইডেন ও তার পরিবার বর্তমানে চিকিৎসকদের সঙ্গে সম্ভাব্য চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
বাইডেনের কার্যালয়ের মুখপাত্র জানিয়েছেন, এ বিষয়ে প্রকাশিত বিবৃতির বাইরে তারা আর কোনো মন্তব্য করবেন না।

