যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সের একটি কারাগার থেকে ১০ বন্দি পালিয়ে গেছে। শুক্রবার রাতের এ ঘটনার পর এখন পর্যন্ত তিনজনকে আটক করতে পেরেছে পুলিশ, তবে বাকি সাতজন এখনো পলাতক।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দিরা কারাগারের সেল ব্লকের টয়লেটের পেছনে থাকা একটি গোপন ফাঁক ব্যবহার করে পালিয়ে যায়। তারা কাঁটাতারের বেড়া পেরিয়ে পালানোর সময় কম্বল ব্যবহার করে এবং কেউ কেউ রাস্তা পেরিয়ে দৌঁড়ে চলে যায় পাশের আবাসিক এলাকায়।
সংশ্লিষ্ট একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, দৌড়ে পালিয়ে যাচ্ছে বন্দিরা। কারও পরনে কমলা কারাগার-পোশাক, কারও বা সাদা পোশাক। দেয়ালে একটি উক্তিও দেখা গেছে- “Too Easy, LOL” (অর্থ: ‘খুব সহজ ছিল, হাসলাম’)- যা থেকে বোঝা যাচ্ছে, বন্দিরা পালানোর পথ খুঁজে পেয়ে নিশ্চিত ছিল তাদের পরিকল্পনা সফল হবে।
স্থানীয় শেরিফ জানিয়েছেন, পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে একজন হত্যা মামলার আসামিও রয়েছেন। ধারণা করা হচ্ছে, কারাগারের কোনো ব্যক্তি এ পালানোর ক্ষেত্রে সহযোগিতা করেছেন।
আশঙ্কাজনকভাবে, বন্দিদের অনুপস্থিতি কারা কর্তৃপক্ষের নজরে আসে অনেক দেরিতে- প্রায় সাত ঘণ্টা পর। পালানোর সময় ওই সেলে দায়িত্বে ছিলেন না কোনো প্রহরী; একজন বেসামরিক টেকনিশিয়ান তখন খাবার আনতে বাইরে গিয়েছিলেন।
দীর্ঘদিন ধরেই কারাগারটির দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ও অবকাঠামোগত ত্রুটি নিয়ে অভিযোগ ছিল। কর্তৃপক্ষ মনে করছে, বন্দিরা এই সুযোগই কাজে লাগিয়েছে।
পলাতকদের খুঁজতে পুলিশের পাশাপাশি ফেডারেল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তাও নেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

