গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণকে লিবিয়ায় স্থায়ীভাবে স্থানান্তরের পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে লিবিয়ার রাজধানী ত্রিপোলিভিত্তিক মার্কিন দূতাবাস।
রোববার (১৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দূতাবাসটি জানায়, “গাজার বাসিন্দাদের লিবিয়ায় সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। এনিয়ে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেগুলো সত্য নয়।”
এর আগে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ একটি প্রতিবেদনে দাবি করেছিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গাজার প্রায় ১০ লাখ মানুষকে স্থায়ীভাবে লিবিয়ায় স্থানান্তরের একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে। প্রতিবেদনে পাঁচটি ভিন্নসূত্রের বরাতে এমন দাবি করা হয়, যাদের মধ্যে দুজন এই পরিকল্পনার সঙ্গে সরাসরি জড়িত বলে দাবি করা হয়।
তবে লিবিয়ার আন্তর্জাতিক স্বীকৃত জাতীয় ঐক্যের সরকার (জিএনএ) এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
উল্লেখ্য, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর গাজা উপত্যকাকে “ফিলিস্তিনি মুক্ত” করার অভিপ্রায় প্রকাশ করেছিলেন ট্রাম্প। তিনি ফিলিস্তিনিদের অন্য দেশে স্থানান্তরের জন্য মিশর ও জর্ডানকে আহ্বান জানিয়েছিলেন। তবে উভয় দেশই এ প্রস্তাব প্রত্যাখ্যান করে।
মার্চ মাসে ব্যাপক সমালোচনার মুখে ট্রাম্প বলেন, “গাজা থেকে কোনো ফিলিস্তিনিকে সরানো হবে না।” এই ঘোষণাকে স্বাগত জানায় গাজাভিত্তিক স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে এরপর এপ্রিলে আবারও গাজা খালি করার সম্ভাবনার কথা বলেন ট্রাম্প- যা নতুন করে বিতর্কের জন্ম দেয়।
বর্তমানে যুদ্ধবিধ্বস্ত গাজা অঞ্চল নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা ধরনের কূটনৈতিক হিসাব-নিকাশ চলছে। এর মধ্যে লিবিয়ায় স্থানান্তরের গুজব ও মার্কিন দূতাবাসের তা নাকচ করে দেওয়ার ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে।

