‘অপারেশন সিঁদুর’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করার জেরে আশোকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আলি খান মাহমুদাবাদকে গ্রেফতার করেছে ভারতের হরিয়ানা পুলিশ। তার বিরুদ্ধে নারী সেনা কর্মকর্তাদের অবমাননা এবং সাম্প্রদায়িক উসকানির অভিযোগ আনা হয়েছে।
গত ৮ মে নিজের ফেসবুক পোস্টে মাহমুদাবাদ লিখেছিলেন, “দুই নারী সেনা কর্মকর্তার প্রেস ব্রিফিং নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কিন্তু প্রকৃত পরিবর্তন ছাড়া তা লোক দেখানো হয়ে যায়।” একই সঙ্গে তিনি ভারতের অভ্যন্তরে সাধারণ নাগরিকদের নিরাপত্তাহীনতার বিষয়টিও তুলে ধরেন।
এই পোস্ট ঘিরে বিতর্ক শুরু হয় এবং হরিয়ানা রাজ্য মহিলা কমিশন থেকে ২৩ মে’র মধ্যে হাজিরার নোটিশ দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের আগেই তাকে আটক করা হয়।
অধ্যাপক মাহমুদাবাদ দাবি করেছেন, তার বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করা হয়েছে। তিনি বলেন, “আমি কেবল নাগরিক ও সেনাদের নিরাপত্তা নিয়ে কথা বলেছি, কোনো নারীবিদ্বেষী বক্তব্য দিইনি।”
ভারতের দ্য টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী দেখা যায়, তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির নব সংস্করণ অনুসারে বিদ্রোহে প্ররোচনা, সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ আনা হয়েছে। তবে তার আইনজীবীরা এসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন।
এ ঘটনার প্রতিবাদে ভারতের এক হাজারের বেশি শিক্ষাবিদ, ইতিহাসবিদ, অধিকারকর্মী ও শিল্পীরা একটি যৌথ বিবৃতি দিয়েছেন। তারা অবিলম্বে মামলাটি প্রত্যাহার এবং হরিয়ানা মহিলা কমিশনের ক্ষমা দাবি করেছেন।
বিবৃতিতে বলা হয়েছে, “হরিয়ানা নারীর বিরুদ্ধে সহিংসতায় অন্যতম শীর্ষ রাজ্য। সেই সমস্যা সমাধানের বদলে একজন শিক্ষাবিদের বিরুদ্ধে অবৈধভাবে ব্যবস্থা নেওয়া বাকস্বাধীনতার ওপর সরাসরি আঘাত।”

