কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী হামলার জেরে শুরু হওয়া উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ আরও এক মাস বাড়াতে যাচ্ছে পাকিস্তান। আগামী সপ্তাহেই এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে বলে জানিয়েছে ইসলামাবাদভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইন্টারন্যাশনাল নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, ২৩ এপ্রিল পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের জন্য একতরফাভাবে আকাশপথ বন্ধ করে দেয়। তার পরদিনই পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ভারতের জন্য নিজেদের আকাশসীমা এক মাসের জন্য বন্ধ ঘোষণা করে।
আকাশসীমা বন্ধের প্রথম মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন একটি ‘নোটাম’ (NOTAM-Notice to Air Missions) জারি করবে পাকিস্তানের বিমান চলাচল বিভাগ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতির কোনো অগ্রগতি না থাকায় পাকিস্তান এই পদক্ষেপ অব্যাহত রাখছে। উল্লেখযোগ্যভাবে, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) নিয়ম অনুযায়ী, কোনো দেশ একবারে এক মাসের বেশি সময়ের জন্য আকাশসীমা বন্ধ রাখতে পারে না- তাই পাকিস্তান নিয়ম মেনেই পরবর্তী মেয়াদে প্রবেশ করতে যাচ্ছে।
প্রসঙ্গত, ৭ মে শুরু হওয়া ভারত-পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনায় দুই পক্ষের মধ্যে টানা চার দিন সংঘর্ষ চলে। পাকিস্তানের দাবি, ওই সময় ভারতের বিমান হামলায় আজাদ কাশ্মীর অঞ্চলে ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়। জবাবে পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান (তিনটি রাফায়েলসহ) এবং কয়েক ডজন ড্রোন ভূপাতিত করে। পাকিস্তান আরও দাবি করেছে, সংঘর্ষে ভারতের ১১ সেনা ও ৪০ বেসামরিক নাগরিক নিহত হন।
দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান এই উত্তেজনার মধ্যেই আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে পাকিস্তান।

