ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েলকে ‘বিপজ্জনক ক্যান্সারের টিউমার’ হিসেবে আখ্যা দিয়ে এটিকে ‘উচ্ছেদ করা প্রয়োজন’ বলে মন্তব্য করেছেন। শনিবার (১৭ মে) তেহরানে এক সরকারি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সূত্র: আলজাজিরা, এএফপি
খামেনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে ইরানবিরোধী বক্তব্য ‘অসম্মানজনক ও লজ্জাজনক’। তিনি বলেন, ট্রাম্প এমন ভাষায় কথা বলেছেন, যা তাঁর নিজের জন্য যেমন লজ্জার, তেমনি পুরো আমেরিকান জাতির জন্যও অপমানজনক।
খামেনি অভিযোগ করেন, ট্রাম্প শান্তির কথা বললেও বাস্তবে তিনি ফিলিস্তিনে ইসরায়েলের ‘যুদ্ধ ও গণহত্যায়’ প্রত্যক্ষ সমর্থন দিয়ে যাচ্ছেন। “তাঁর মন্তব্য এতটাই নিচু মানের যে, সেগুলোর উত্তর দেওয়ারও প্রয়োজন পড়ে না”– বলেন খামেনি।
এর আগে ট্রাম্প তাঁর সফরের সময় ইরানের নেতৃত্বকে ‘দুর্নীতিগ্রস্ত ও অকার্যকর’ হিসেবে বর্ণনা করেন এবং বলেন, “ইরানের সবুজ ভূমি এখন মরুভূমিতে রূপ নিয়েছে, বিদ্যুৎ নেই ঘণ্টার পর ঘণ্টা।” তার জবাবেই ইরান থেকে এমন তীব্র প্রতিক্রিয়া এলো।
এদিন ইরানি নৌবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, “ট্রাম্প একদিকে শান্তির বার্তা দেন, অন্যদিকে গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নেন- আমরা কোনটিকে বিশ্বাস করব?”
এদিকে আর্মেনিয়ার সীমান্তবর্তী কারাবাখ অঞ্চলে আজারবাইজানের সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করেছে ইরান। ‘আরাস-২০২৫’ নামের এ মহড়া বুধবার পর্যন্ত চলবে। ইরানি জেনারেল ভালি মাদানি জানান, “সীমান্ত নিরাপত্তা ও সম্ভাব্য হুমকি মোকাবিলার লক্ষ্যে এই মহড়া গুরুত্বপূর্ণ।”
অন্যদিকে, ইউরোপের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের ইঙ্গিত দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তেহরানে এক কূটনৈতিক সম্মেলনে তিনি বলেন, “ইউরোপ আন্তরিকতা ও স্বাধীন দৃষ্টিভঙ্গি দেখালে ইরান একটি নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত।”

