দীর্ঘ এক দশক পর ইরানি হজযাত্রীদের জন্য সৌদি বিমান সংস্থা ফ্লাইনাস আবারও সরাসরি ফ্লাইট চালু করেছে। তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে শুরু হয়েছে এই নতুন অধ্যায়। শিগগিরই ইরানের মাশহাদ শহর থেকেও ফ্লাইট চালু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ৩৫ হাজারের বেশি ইরানি হজযাত্রী এই ফ্লাইট ব্যবস্থার মাধ্যমে সৌদি আরবে হজ পালনে যাবেন। সূত্র: এএফপি
সৌদি আরবভিত্তিক স্বল্প খরচের উড়োজাহাজ সংস্থা ফ্লাইনাস মূলত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহন করে। তবে ইরানে তারা বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করছে না, কেবল হজযাত্রী পরিবহনই এ যাত্রার লক্ষ্য।
২০১৬ সালে সৌদি আরবে শিয়া নেতা নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে ইরানে সহিংস বিক্ষোভের ঘটনায় তেহরানে সৌদি দূতাবাস ও মাশহাদের কনস্যুলেটে হামলা হয়। ওই ঘটনার পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এর জের ধরে ওই বছর ইরানি হজযাত্রীদের হজে অংশগ্রহণ নিষিদ্ধ হয়। পরবর্তী বছরগুলোতে সীমিত আকারে ইরানি চার্টার্ড ফ্লাইটে হজযাত্রার অনুমতি দেওয়া হলেও সৌদি কোনো বিমান সংস্থা ইরানে ফ্লাইট পরিচালনা করেনি।
তবে ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় রিয়াদ-তেহরান সম্পর্কে বরফ গলে। শুরু হয় কূটনৈতিক পুনঃসংযোগ। তারই ধারাবাহিকতায় এবার সরাসরি হজ ফ্লাইট চালুর সিদ্ধান্তকে দুই দেশের মধ্যকার সম্পর্কোন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

