পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং পার্লামেন্টের স্পিকার সরদার আয়াজ সাদিকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)। দলীয় সূত্রের বরাতে জিও টিভি এ তথ্য জানিয়েছে।
পিটিআইয়ের একাধিক সূত্র জানিয়েছে, পাঞ্জাবের আদিয়ালা কারাগারে আটক দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি তার আইনজীবী, দলের সিনিয়র নেতা ও পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে শেহবাজ সরকার এবং স্পিকারের বিরুদ্ধে রাজনৈতিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ প্রসঙ্গে জানা গেছে, ইমরান খান তার দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন, বর্তমান সরকারকে পার্লামেন্টের ভেতরে ও বাইরে সর্বদা চাপে রাখতে হবে। তিনি সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানোরও আহ্বান জানান, বিশেষ করে যেসব দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন)-এর সঙ্গে নেই।
সম্প্রতি খাইবার পাখতুনখোয়া ভিত্তিক দল মিল্লি আওয়ামী পার্টির প্রধান মাহমুদ খান আচাকজাই স্পিকারের পদত্যাগ দাবি করেছেন। ইমরান খান তার দলের সঙ্গে বৈঠকে এই বিষয়টিকেও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়ার পরামর্শ দিয়েছেন।
পিটিআইয়ের কেন্দ্রীয় নেতা ও জাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কায়সার এ বিষয়ে বলেন, “অনাস্থা প্রস্তাব আনার বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে। তবে বর্তমান ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে আমরা এখনই সরাসরি পদক্ষেপ নিচ্ছি না, যাতে জনমনে মনে না হয় আমরা পরিস্থিতির রাজনৈতিক সুবিধা নিচ্ছি।”
উল্লেখ্য, ২০২২ সালে ইমরান খানের বিরুদ্ধেই অনাস্থা প্রস্তাব এনে তাকে ক্ষমতাচ্যুত করেছিলেন তৎকালীন বিরোধী নেতা শেহবাজ শরিফ। এবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানোর পরিকল্পনাতেই পিটিআই এগোচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।

