গাজার উপর ইসরায়েলের সর্বশেষ বিমান হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ৩৮ ফিলিস্তিনি। মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হওয়া নতুন এই হামলায় দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে ব্যাপক বোমাবর্ষণ চালায় ইসরায়েলি বাহিনী। আল জাজিরা ও আনাদোলু এজেন্সির পৃথক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত ১৮ মার্চ থেকে গাজায় আবারও সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ওই সময় থেকে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৩ হাজার ৩৫০ ফিলিস্তিনি। আর ২০২৩ সালের অক্টোবরে হামলা শুরুর পর থেকে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫৩ হাজার ৫০০ জনে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ১৩৬ জন নিহত ও ৩৬৪ জন আহত হয়েছেন। সবমিলিয়ে চলমান সংঘাতে আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ২১ হাজার।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। উদ্ধারকর্মীরা পর্যাপ্ত সরঞ্জাম ও নিরাপদ পথের অভাবে তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
এদিকে, কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্য হুঁশিয়ারি দিয়েছে, গাজায় আগ্রাসন বন্ধ না হলে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। একইসঙ্গে ২২টি দেশ অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক চাপের মুখে চলতি বছরের ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তবে মার্চের তৃতীয় সপ্তাহে হামাসের সঙ্গে উত্তেজনার জেরে ফের আগ্রাসন শুরু করে দেশটি।
জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি হামলার কারণে গাজার প্রায় ৯০ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। ধ্বংস হয়েছে ভূখণ্ডটির অধিকাংশ অবকাঠামো।
এর পূর্বে ২০২3 সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মামলার মুখোমুখিও হয়েছে ইসরায়েল।

