ইসরায়েলি হামলায় স্বজন হারানো এক হাজার ফিলিস্তিনিকে হজের আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব। সম্পূর্ণ বিনা খরচে তারা এ বছর পবিত্র হজ পালন করতে পারবেন। সূত্র: খালিজ টাইমস
প্রতিবেদনে বলা হয়েছে, আমন্ত্রিতদের হজে অংশগ্রহণের সব খরচ বহন করবেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। যেসব ফিলিস্তিনির স্বজন কারাবন্দি বা ইসরায়েলি হামলায় আহত হয়েছেন, তারাও এই বিশেষ সুবিধার আওতায় থাকবেন।
সৌদি বার্তা সংস্থার বরাতে জানা গেছে, বাদশার আমন্ত্রণে আসা হজযাত্রীদের সেবায় ইতোমধ্যে প্রয়োজনীয় নির্বাহী পরিকল্পনা গ্রহণ করেছে দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়। ‘দাওয়া অ্যান্ড গাইডেন্স’ বিভাগের মাধ্যমে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হবে। হজ ও ওমরাহ বিষয়ক ‘দুই পবিত্র মসজিদের অতিথি প্রকল্প’-এর আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
চাঁদ দেখার ভিত্তিতে আগামী ৪ বা ৫ জুন সৌদি আরবে হজ অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৫৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক লাখ ২০ হাজারেরও বেশি।
চলতি বছরের জানুয়ারিতে যুদ্ধবিরতি ঘোষণা করলেও, মাত্র দুই মাসের ব্যবধানে ১৮ মার্চ থেকে আবারও গাজায় হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। দ্বিতীয় দফার এই আক্রমণে নিহত হয়েছেন আরও তিন হাজার ফিলিস্তিনি, আহত হয়েছেন আট হাজারের বেশি।
হামাসের হাতে জিম্মি থাকা অন্তত ৩৫ জনের অবস্থান সম্পর্কে ধারণা পেয়ে তাদের উদ্ধারে নতুন করে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। এতে গাজায় হামলার তীব্রতা দিন দিন বেড়েই চলেছে।

