লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি হাসপাতালের মর্গ থেকে অজ্ঞাত পরিচয়ের অন্তত ৫৮টি মরদেহ উদ্ধার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (১৯ মে) আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ঘটনাস্থল ছিল জনবহুল আবু সালিম এলাকার ‘আবু সালিম অ্যাক্সিডেন্ট হাসপাতাল’। হাসপাতালের একটি রেফ্রিজারেটেড মর্গে মরদেহগুলো পাওয়া যায়। মন্ত্রণালয়ের প্রকাশিত ছবিতে পচে যাওয়া ও আংশিকভাবে দগ্ধ লাশ দেখা গেছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহগুলোর পরিচয় শনাক্তে তদন্ত চলছে। এর মধ্যে এখন পর্যন্ত ২৩টি মরদেহ পরীক্ষা করা হয়েছে এবং তথ্য সংগ্রহসহ অন্যান্য আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ঘটনাটির সঙ্গে মিলিশিয়া গোষ্ঠীর যোগসূত্র রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। আবু সালিম এলাকা ‘স্ট্যাবিলাইজেশন সাপোর্ট অ্যাপারেটাস’ (এসএসএ) নামক এক সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন ছিল। গোষ্ঠীটির প্রধান, আব্দুলঘানি কিকলি ওরফে ‘ঘানিওয়া’, সম্প্রতি নিহত হন।
এই ঘটনার পর থেকেই রাজধানীতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রেসিডেন্ট আব্দুলহামিদ আল-দ্বিবাহে সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মূলের নির্দেশ দিলে সংঘর্ষ চরমে পৌঁছায়। জাতিসংঘের মতে, সংঘর্ষে অন্তত আটজন বেসামরিক নিহত হয়েছে।
মৃতদেহ উদ্ধারের এটাই প্রথম ঘটনা নয়। গত শনিবার এসএসএ-নিয়ন্ত্রিত আরেকটি হাসপাতাল, আল-খাদরার একটি মর্গ থেকেও নয়টি মরদেহ পাওয়া যায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, এসব মরদেহের বিষয়ে কর্তৃপক্ষকে কোনো তথ্য দেয়নি মিলিশিয়ারা। প্রেসিডেন্ট দ্বিবাহে একে ‘চলমান নির্মূল প্রকল্প’ হিসেবে উল্লেখ করেছেন।
এদিকে সরকারপন্থি জিএনইউ সামাজিক মাধ্যমে এক ভিডিও প্রকাশ করেছে, যেখানে এসএসএ-র নিয়ন্ত্রণাধীন বৃহত্তম ঘাঁটি ‘৭৭ ক্যাম্প’ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী এলাকাটিকে একটি জাতীয় উদ্যানে পরিণত করা হবে।
২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই লিবিয়া বারবার অস্থিরতার মুখে পড়েছে। ২০১৪ সালে দেশটি পূর্ব ও পশ্চিমভিত্তিক রাজনৈতিক বিভাজনে জড়িয়ে পড়ে। যদিও ২০২০ সালে যুদ্ধবিরতি হয়, কিন্তু সহিংসতা এখনও পুরোপুরি থামেনি।

