গাজায় চলমান মানবিক সংকট ভয়াবহ রূপ নিচ্ছে। জাতিসংঘ সতর্ক করেছে, প্রয়োজনীয় ত্রাণ সহায়তা না পৌঁছালে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই প্রায় ১৪ হাজার শিশু প্রাণ হারাতে পারে। এমন উদ্বেগজনক তথ্য দিয়েছেন জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার।
ব্রিটেনের বিবিসি রেডিও ৪-এ দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লেচার বলেন, ইসরাইল যে পরিমাণ ত্রাণ গাজায় প্রবেশ করতে দিচ্ছে, তা চরমভাবে অপ্রতুল এবং চলমান দুর্ভিক্ষ পরিস্থিতি সামাল দিতে একেবারেই যথেষ্ট নয়।
তার ভাষায়, গাজায় ত্রাণ প্রবেশের মাত্রা সমুদ্রের একফোঁটার মতো। তিনি জানান, গতকাল মাত্র পাঁচটি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। যদিও এসব ট্রাকে শিশু খাদ্য ও পুষ্টিকর সামগ্রী ছিল, সেগুলো এখনো সাধারণ মানুষের হাতে পৌঁছায়নি; বরং সীমান্তবর্তী এলাকাতেই আটকে রয়েছে।
ফ্লেচার বলেন, “আমি চাই, পরবর্তী ৪৮ ঘণ্টায় অন্তত কিছু শিশুকে এই অনিবার্য মৃত্যু থেকে বাঁচাতে পারি।” কীভাবে এই সংখ্যাটি নির্ধারিত হয়েছে- এমন প্রশ্নে তিনি জানান, জাতিসংঘের একটি শক্তিশালী মাঠ পর্যায়ের দল স্কুল, হাসপাতালসহ বিভিন্ন স্থানে কাজ করছে, যদিও তাদের অনেকেই ইতোমধ্যে হতাহত হয়েছেন।
তিনি আরো বলেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আন্তর্জাতিক চাপে অবরোধ আংশিক শিথিলের ঘোষণা দিলেও তা কার্যত তেমন কোনো পরিবর্তন আনেনি। ১১ সপ্তাহ ধরে গাজায় কার্যত ত্রাণ প্রবেশ বন্ধ রয়েছে।
জাতিসংঘের এই সতর্কতা বিশ্ব সম্প্রদায়ের সামনে গাজার মানবিক বিপর্যয়ের ভয়াবহ বাস্তবতা আবারও স্পষ্ট করে তুলেছে। সংশ্লিষ্টরা বলছেন, যদি দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া না হয়, তাহলে এই সংকট ভয়াবহতম ট্র্যাজেডিতে রূপ নিতে পারে।

