ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা (এলওসি) থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিয়েছে। উভয় দেশ শান্তিপূর্ণ অবস্থানে ফিরে যাওয়ার বিষয়ে একমত হয়েছে এবং আগামী ৩০ মে’র মধ্যে যুদ্ধকালীন প্রস্তুতি থেকে সেনাবাহিনীকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। জিও নিউজের এক প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ভারত-পাকিস্তান সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেলস অব মিলিটারি অপারেশনস (DGMOs) পর্যায়ে একাধিক দফায় আলোচনার মাধ্যমে এই সমঝোতায় পৌঁছায় দুই দেশ। ইতোমধ্যে পর্যায়ক্রমে সেনা প্রত্যাহার কার্যক্রম শুরু হয়েছে।
কর্মকর্তারা এই পদক্ষেপকে আস্থা তৈরির ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছেন, যা দীর্ঘদিন ধরে উত্তপ্ত সীমান্ত অঞ্চলে শান্তি ফেরাতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। চলতি মে মাসের শুরুতে দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। এরপর যুদ্ধবিরতির ঘোষণার পর এটি শান্তি প্রতিষ্ঠার পরবর্তী ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।
পাকিস্তানের এক সরকারি কর্মকর্তা জানান, “যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে সেনা প্রত্যাহারের উদ্যোগ নেয়া হয়েছে। এর পেছনে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কূটনৈতিক প্রচেষ্টা সক্রিয় ভূমিকা রেখেছে।”
বিশ্লেষকরা বলছেন, দুই প্রতিবেশী দেশের এই পদক্ষেপ উপমহাদেশে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা ফেরানোর একটি বড় সম্ভাবনার দ্বার খুলে দিল। তবে পরিস্থিতির বাস্তব রূপ পেতে হলে উভয় পক্ষের সদিচ্ছা ও ধারাবাহিকতা বজায় রাখা জরুরি বলে মত বিশেষজ্ঞদের।

