যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে নতুন করে প্রায় ২৪.৭ মাইল দীর্ঘ সীমান্ত প্রাচীর নির্মাণের পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন। এই প্রাচীর অ্যারিজোনার সান রাফায়েল উপত্যকার মধ্য দিয়ে নির্মিত হবে, যা অঞ্চলটির পরিবেশ ও বন্যপ্রাণের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
সান রাফায়েল উপত্যকা যুক্তরাষ্ট্রের অন্যতম জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চল। এখানে বাঘ, ভালুক, পাহাড়ি সিংহ, প্রংহর্ণসহ প্রায় ৪০০ প্রজাতির বন্যপ্রাণী নিয়মিত চলাচল করে। তবে নতুন সীমান্ত প্রাচীর নির্মিত হলে তাদের প্রাকৃতিক গমনপথ কার্যত বন্ধ হয়ে যাবে।
পরিবেশবাদী সংস্থা স্কাই আইল্যান্ড অ্যালায়েন্স-এর বন্যপ্রাণী কর্মসূচির পরিচালক ইমন হ্যারিটি জানান, “এই অঞ্চল এতটাই জনমানবশূন্য যে গত পাঁচ বছরে কোনো ক্যামেরায় কোনো অভিবাসনপ্রত্যাশীর ছবি ধরা পড়েনি। অথচ এই প্রাচীর নির্মাণে শত কোটি ডলার ব্যয় হচ্ছে, যা একদিকে অপ্রয়োজনীয়, অন্যদিকে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।”
২০২৪ সালের এক গবেষণায় দেখা গেছে, যেখানে এমন প্রাচীর নির্মিত হয়েছে, সেসব এলাকায় বন্যপ্রাণীর চলাচল ৮৬ শতাংশ কমে গেছে। একটি মেক্সিকান গ্রে উলফ ২৩ মাইলজুড়ে প্রাচীরের ফাঁকা অংশ খুঁজে না পেয়ে ফিরে যেতে বাধ্য হয়- এমন উদাহরণ তুলে ধরেন গবেষকরা।
এছাড়া ট্রাম্প প্রশাসন ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা ও নিউ মেক্সিকোর সীমান্ত ঘেঁষা ৬০ ফুট প্রশস্ত ‘রুজভেল্ট রিজার্ভেশন’কে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে দেয়ার পরিকল্পনাও করেছে, যাতে সীমান্তে সামরিক ঘাঁটি স্থাপন করা সম্ভব হয়। পরিবেশবিদদের আশঙ্কা, এতে করে সীমান্ত অঞ্চলে পরিবেশগত ভারসাম্য আরও ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে।
এই প্রকল্পকে পরিবেশবিদরা ‘ধ্বংসাত্মক’ ও ‘জনগণের অর্থের অপচয়’ বলে আখ্যা দিয়েছেন। তারা সরকারের কাছে প্রকল্পটি বাতিল করে প্রকৃতির ভারসাম্য ও বন্যপ্রাণীর স্বাধীন চলাচল রক্ষার আহ্বান জানিয়েছেন।

