নিজ পরিবারের সদস্যদের প্রভাবশালী পদে বসানো নিয়ে আবারো আলোচনায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি তার জামাতা জ্যারেড কুশনারের বাবা, অর্থাৎ বেয়াই চার্লস কুশনারকে ফ্রান্সে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছেন।
সিনেট সম্প্রতি ট্রাম্পের এই মনোনয়নে সায় দিয়েছে। ৫১-৪৫ ভোটে অনুমোদন পাওয়ার পর ৭১ বছর বয়সী এই বিতর্কিত ব্যবসায়ী প্যারিসে রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে যাচ্ছেন। একইসঙ্গে তিনি ইউরোপের ধনী দেশ মোনাকোতেও মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন।
চার্লস কুশনারের অতীত একেবারে বিতর্কহীন নয়। ২০০৪ সালে কর ফাঁকি, সাক্ষীকে প্রভাবিত করাসহ একাধিক অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হন এবং ফেডারেল কারাগারে সময় কাটান। তবে ট্রাম্প তার প্রথম মেয়াদের শেষ দিকে তাকে ক্ষমা করেন।

ট্রাম্পের বড় মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের স্বামী জ্যারেড কুশনার ছিলেন তার ঘনিষ্ঠ উপদেষ্টা, যিনি মধ্যপ্রাচ্যের শান্তিপ্রক্রিয়ায় কাজ করেন। এবার তার বাবাকে রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন নিয়ে উঠছে স্বজনপ্রীতির অভিযোগ।
বিশ্লেষকদের মতে, এমন সময়ে কুশনার ফ্রান্সে যাচ্ছেন যখন যুক্তরাষ্ট্র-ইউরোপ বাণিজ্যিক সম্পর্ক, জলবায়ু নীতি ও ভূরাজনৈতিক বিভিন্ন ইস্যুতে জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে। যদিও ট্রাম্প বলেন, “চার্লস একজন সফল ব্যবসায়ী, দানশীল এবং দারুণ ডিলমেকার। তিনি আমাদের দেশের স্বার্থ ভালোভাবে রক্ষা করবেন।”
তবে কুশনারের নিয়োগ নিয়ে মার্কিন কংগ্রেস ও মিডিয়ায় সমালোচনার ঢেউ উঠেছে- রাষ্ট্রীয় পদে নিয়োগের পেছনে যোগ্যতার চেয়ে পারিবারিক সম্পর্ক কতটা বড় ভূমিকা রাখছে- সেটাই এখন প্রশ্ন।

