সিরিয়াকে ঘিরে ভয়াবহ গৃহযুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সরাসরি সতর্ক করে দিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যেই দেশটি ধসে পড়তে পারে। ঘটতে পারে বড় ধরনের গৃহযুদ্ধ।
বুধবার বিবিসি এক প্রতিবেদনে জানায়, ওয়াশিংটন ডিসিতে সিনেট ফরেন রিলেশনস কমিটির এক শুনানিতে এসব কথা বলেন রুবিও।
তিনি জানান, সিরিয়ার অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষকে সহযোগিতা না করলে তারা খুব শিগগিরই ভেঙে পড়বে। আর এতে করে পুরো দেশ আবার ভয়াবহ গৃহযুদ্ধে জড়িয়ে পড়বে।
রুবিও আরও বলেন, “আমরা যদি তাদের পাশে না দাঁড়াই, তাহলে কোনো সাফল্যের আশা নেই। তারা ভেঙে পড়বে, আর সেটাই ভয়ংকর বিপদের শুরু হবে।”
এই শুনানিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তেরও সমর্থন করেন তিনি।
উল্লেখ্য, গত সপ্তাহে সৌদি আরবে সিরিয়ার নতুন নেতা আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। শারা একসময় আল-কায়েদার কমান্ডার ছিলেন। গত ডিসেম্বরে তিনি বিদ্রোহীদের নেতৃত্বে আসাদের সরকারকে উৎখাত করেন।
রুবিও জানান, ট্রাম্প মনে করেন— মধ্যপ্রাচ্যের অনেক দেশ শারার নেতৃত্বাধীন সরকারকে সহযোগিতা করতে চায়। ত্রাণ পাঠাতেও আগ্রহী। কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার ভয়ে তারা পিছিয়ে আছে।
সিরিয়ায় দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধে ৬ লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ। এই সময় আসাদপন্থী বাহিনী যে দমন-পীড়ন চালিয়েছে, তার জবাবে যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
ওই নিষেধাজ্ঞা তোলার আগে যুক্তরাষ্ট্র সিরিয়াকে বেশ কিছু শর্ত দিয়েছিল। এর মধ্যে সংখ্যালঘুদের নিরাপত্তা ছিল অন্যতম। নতুন নেতা আহমেদ আল-শারা এসব শর্ত মানার প্রতিশ্রুতি দিলেও সাম্প্রতিক সময়ের সংঘাত নতুন শঙ্কা তৈরি করেছে।
মার্চে সিরিয়ার পশ্চিমাঞ্চলে সরকারপন্থী বাহিনীর হাতে প্রায় ৯০০ বেসামরিক নাগরিক নিহত হন। নিহতদের অধিকাংশই ছিলেন আসাদের আওলাইত সম্প্রদায়ের।
এছাড়া মে মাসের শুরুতে দামেস্কের দুটি উপশহর ও দক্ষিণের সুওয়াইদা প্রদেশে সংঘর্ষ হয়। সেখানে দ্রুজ ধর্মীয় সংখ্যালঘু, নতুন নিরাপত্তা বাহিনী ও সুন্নি ইসলামপন্থী যোদ্ধাদের মধ্যে ভয়াবহ লড়াই হয়। এতে প্রাণ হারায় শতাধিক মানুষ।
এই পরিস্থিতিতে সংখ্যালঘুদের মধ্যে আশঙ্কা আরও বেড়েছে। কারণ, অন্তর্বর্তীকালীন সরকার এখনো হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর নিয়ন্ত্রণে। এইচটিএস এখনো জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠন।
শারার সঙ্গে বৈঠকের পর ট্রাম্প তাকে প্রশংসায় ভাসিয়েছেন। তাকে তরুণ, আকর্ষণীয় এবং শক্তিশালী যোদ্ধা হিসেবে উল্লেখ করে বলেছেন, তার নেতৃত্বে সিরিয়া আবার এক হতে পারে।
শারাও ট্রাম্পের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তকে সাহসী ও ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন।
এদিকে ইউরোপীয় ইউনিয়নও সিরিয়ার ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস বলেন, “আমরা চাই সিরিয়ার জনগণ শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং নতুন এক রাষ্ট্র গড়ে তুলুক।”

