গাজার ভেতরে ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। একদিকে হামলা চলছে, অন্যদিকে হাসপাতাল পর্যন্ত রেহাই পাচ্ছে না। এতে প্রাণ হারাচ্ছেন শত শত মানুষ।
আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুধু অপুষ্টি ও ওষুধের অভাবে গত ২ মার্চ থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত ৩২৬ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় নিহত হয়েছেন আরও অন্তত ৮৭ জন ফিলিস্তিনি।
জাতিসংঘ জানিয়েছে, মঙ্গলবার গাজায় কোনো ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি। ইসরায়েল সীমিত ত্রাণ অনুমতি দিলেও পরিস্থিতির উন্নতি হয়নি। সংস্থাটি সতর্ক করেছে, আগামী ৪৮ ঘণ্টায় প্রায় ১৪ হাজার শিশু মারাত্মক অপুষ্টিজনিত কারণে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে।
মানবিক সংকটের মধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে পশ্চিমা বিশ্ব।
যুক্তরাজ্য জানিয়েছে, গাজায় চলমান সহিংসতার কারণে তারা ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করেছে। পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন বলেছে, গাজার বিপর্যয়কর পরিস্থিতির কারণে তারা ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করবে।
অন্যদিকে সমালোচনা উপেক্ষা করে গাজায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। সেনাপ্রধান এয়াল জামির জানিয়ে দিয়েছেন, তারা থামবে না।
তবে যুক্তরাষ্ট্র এখনো ইসরায়েলের ওপর চাপ দিতে অনিচ্ছুক। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা চাপ দিলেও ওয়াশিংটন এমন কোনও পদক্ষেপে আগ্রহী নয়।
তবে পশ্চিমা দেশগুলোর মধ্যে অনেকেই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৫৩ হাজার ৫৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ২১ হাজার ৬৮৮।
সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ পেরিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আরও বহু মানুষ মারা গেছেন। তারা এখনো নিখোঁজ।
এই পরিস্থিতিকে মানবিক বিপর্যয় হিসেবে দেখছে আন্তর্জাতিক সংস্থাগুলো। অনেকেই এটিকে মানবতাবিরোধী অপরাধ বলেও আখ্যা দিচ্ছে।

