গাজা উপত্যকায় ইসরায়েলের সীমিত ত্রাণ বিতরণের অনুমতির একদিন পরেও এখন পর্যন্ত কোনো ত্রাণ সামগ্রী মানুষের হাতে পৌঁছায়নি বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার (২০ মে) এ তথ্য জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিক।
ইসরায়েল দীর্ঘ ১১ সপ্তাহের অবরোধের পর সোমবার জানায়, গাজায় সামান্য পরিমাণ ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু বাস্তব চিত্র বলছে, তা এখনো গাজার ভেতরে বিতরণ কার্যক্রমে রূপ নেয়নি।
জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার শিশুখাদ্যবাহী চারটি ট্রাক কেরেম শালোম সীমান্ত পার হয়ে ফিলিস্তিনি প্রান্তে পৌঁছালেও, মঙ্গলবার আরও কিছু আটা, ওষুধ ও পুষ্টিসামগ্রী গাজায় ঢুকলেও সেগুলোর কোনো কিছু এখনো গাজা উপত্যকার মানুষের কাছে পৌঁছায়নি।
ডুজারিক বলেন, “ইসরায়েল আমাদের কেরেম শালোম সীমান্তে ত্রাণসামগ্রী নামিয়ে রাখার অনুমতি দিয়েছে। কিন্তু গাজার ভেতরে আমাদের টিম প্রবেশ করে সেগুলো গ্রহণ ও বিতরণের সুযোগ এখনো পায়নি।”
তিনি আরও জানান, মঙ্গলবার জাতিসংঘের একটি টিম কেরেম শালোম সীমান্তে অপেক্ষা করছিল পুষ্টিসামগ্রী সংগ্রহের জন্য। তারা ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমতির আশায় ঘণ্টার পর ঘণ্টা বসে ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাদের অনুমতি দেওয়া হয়নি, ফলে তারা ত্রাণ গুদামে নিয়ে আসতে পারেনি।
এর আগে, জাতিসংঘের মানবিক সহায়তা বিভাগ জানায়, ইসরায়েল প্রায় ১০০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে, কিন্তু বাস্তবে ত্রাণ বিতরণ প্রক্রিয়া এখনও কার্যকর হয়নি।
জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক প্রধান টম ফ্লেচার বলেন, “যে পরিমাণ ত্রাণ গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, তা সমুদ্রের একফোঁটা পানির মতো।” তিনি বলেন, এই সীমিত সহায়তায় চলমান সংকট কিছুতেই মোকাবিলা করা সম্ভব নয়।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালানোর পর থেকেই ইসরায়েল গাজায় ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান পরিচালনা করে আসছে। এ সময় তারা পুরো উপত্যকাটিকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত করেছে। ইসরায়েল দাবি করছে, তারা গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চায় এবং হামাস যাতে ত্রাণসামগ্রী ব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করতে চায়। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে, যুক্তরাষ্ট্র সমর্থিত একটি আন্তর্জাতিক গোষ্ঠী চলতি মাসের শেষ দিকে গাজায় ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করার পরিকল্পনা করছে। তবে জাতিসংঘ জানিয়েছে, এই প্রক্রিয়া নিরপেক্ষ নয় বলে তারা এতে অংশ নেবে না।
গাজার মানবিক পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। জাতিসংঘের মতে, জরুরি ভিত্তিতে কার্যকর এবং টেকসই ত্রাণ বিতরণ শুরু না হলে গাজায় দুর্ভিক্ষ অবশ্যম্ভাবী।

