Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতজুড়ে ১০ জনের বেশি গ্রেফতার
    আন্তর্জাতিক

    গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতজুড়ে ১০ জনের বেশি গ্রেফতার

    সিভি ডেস্কমে 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতজুড়ে চলছে ব্যাপক ধরপাকড়। একাধিক রাজ্যে অভিযান চালিয়ে পুলিশ এখন পর্যন্ত ১০ জনের বেশি নারী-পুরুষকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ইউটিউবার, ব্যবসায়ী এবং ছাত্রও রয়েছেন।

    পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশসহ বেশ কয়েকটি রাজ্যে এই অভিযান চালানো হয়। ভারতের গণমাধ্যম ও বিবিসি জানায়, গ্রেফতারদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম হরিয়ানার বাসিন্দা জ্যোতি মালহোত্রা।

    ভ্লগ বানাতে গিয়ে পাকিস্তানে, এরপর সন্দেহ

    জ্যোতি মালহোত্রা একজন জনপ্রিয় ভ্লগার। ইউটিউবে তার ৩ লাখ ৭৭ হাজার সাবস্ক্রাইবার। ইনস্টাগ্রামেও অনুসারীর সংখ্যা লাখ ছাড়িয়েছে। বিভিন্ন দেশ ঘুরে ঘুরে ভিডিও তৈরি করেন তিনি।

    এই ভ্রমণের অংশ হিসেবে মালহোত্রা কয়েকবার পাকিস্তান গিয়েছেন। সর্বশেষ সফর করেন চলতি বছরের মার্চে। তখন থেকেই তার ওপর পুলিশের নজর পড়ে।

    হরিয়ানা পুলিশ জানায়, দিল্লিতে পাকিস্তান দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে তার সরাসরি যোগাযোগ ছিল। ওই কর্মকর্তা এখন ভারত থেকে বহিষ্কৃত।

    তবে মালহোত্রার বাবা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তার মেয়ে যথাযথ কাগজপত্র ও অনুমতি নিয়েই পাকিস্তান সফর করেছিল।

    গোয়েন্দা সংযোগ ও অর্থের উৎস ঘিরে প্রশ্ন

    পুলিশ বলছে, মালহোত্রা শুধু পাকিস্তানে ভ্রমণ করেননি, নিয়মিত যোগাযোগ রাখতেন দেশটির গোয়েন্দাদের সঙ্গে। এক পাকিস্তানি নাগরিকের সঙ্গেও ছিল ঘনিষ্ঠ সম্পর্ক।

    তদন্তকারীরা জানতে চান, বিভিন্ন দেশে ঘুরে ভিডিও করার খরচ তিনি কীভাবে বহন করেন। কারণ, তার আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য পাওয়া যাচ্ছে না।

    হরিয়ানার হিসার জেলার পুলিশ সুপার শশাঙ্ক কুমার সাওয়ান জানান, কাশ্মীরের পেহেলগামের হামলার পেছনে মালহোত্রার কোনো ভূমিকা ছিল কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

    তারা আরও বলেন, মালহোত্রার পাকিস্তান সফরের ব্যয় বহন করতেন অন্য কেউ। তার সঙ্গে যুক্ত আরও কয়েকজনের সন্ধান পাওয়া গেছে। যারা সন্দেহজনক আর্থিক লেনদেনে জড়িত।

    দূতাবাসে ইফতারে অংশ, বহিষ্কৃত কূটনীতিকের সঙ্গে যোগাযোগ

    বিবিসি জানায়, মালহোত্রার সঙ্গে পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা আহসান-উর-রহিমের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ১৩ মে ওই কর্মকর্তা ভারত ছাড়েন। কারণ তার বিরুদ্ধে কূটনৈতিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ ওঠে।

    ২০২৩ সালে পাকিস্তানের ভিসা নেওয়ার সময়ই তাদের পরিচয় হয়। চলতি বছর মার্চে মালহোত্রা দিল্লিতে পাকিস্তান দূতাবাসের ইফতার আয়োজনে অংশ নেন। সেই ভিডিও পরে ভাইরাল হয়।

    তার অন্যান্য ভিডিওতে পাকিস্তানের শিখ মন্দির, ঐতিহাসিক স্থান ও বাজারে ঘোরার দৃশ্য রয়েছে।

    পাঞ্জাবে নারীসহ আরও গ্রেফতার

    পাঞ্জাবের মালেরকোটলা থেকে গজালা ও ইয়ামিন মুহাম্মদ নামের এক নারী ও এক পুরুষকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, তারা পাকিস্তান দূতাবাসের কাছে তথ্য পাচার করতেন।

    পাঞ্জাব পুলিশের প্রধান গৌরব যাদব জানান, এই দুই ব্যক্তি হ্যান্ডলারের নির্দেশে কাজ করতেন। অনলাইনে অর্থ পেতেন এবং তা স্থানীয় এজেন্টদের মধ্যে বিতরণ করতেন।

    পরে সুখপ্রীত ও করণবীর সিং নামে আরও দুজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সেনাবাহিনীর চলাচল ও গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে পাঠানোর অভিযোগ রয়েছে।

    উত্তরপ্রদেশ ও হরিয়ানায় আরও গ্রেফতার

    উত্তরপ্রদেশের মোরাদাবাদ থেকে শাহজাদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সন্ত্রাস দমন শাখা। তিনি মশলা, পোশাক ও প্রসাধনী সীমান্ত দিয়ে পাচার করতেন। পুলিশের দাবি, তিনি আইএসআইয়ের হয়ে কাজ করতেন।

    হরিয়ানার কৈথল জেলা থেকে গ্রেফতার করা হয় দেবেন্দ্র সিং ধিলোঁকে। বয়স ২৫ বছর। তিনি পাটিয়ালায় পড়াশোনা করেন। পুলিশের ভাষ্য, তিনি কার্তারপুর সাহিব সফরে গিয়ে আইএসআইয়ের সংস্পর্শে আসেন। পরে দেশে ফিরে সেনা ক্যাম্পের ছবি তুলে পাঠাতেন পাকিস্তানে।

    গ্রেফতারের পেছনে সাম্প্রতিক হামলার প্রভাব?

    ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার পর এসব গ্রেফতারে নতুন মাত্রা যোগ হয়েছে। পেহেলগামের হামলার পর চার দিন ধরে উত্তপ্ত ছিল পরিস্থিতি। এই পরিপ্রেক্ষিতে দেশজুড়ে গোয়েন্দা নজরদারি জোরদার হয়।

    হরিয়ানা ও পাঞ্জাবে আরও তিনজন করে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সবার বিরুদ্ধে অভিযোগ প্রায় একই—পাকিস্তানের হয়ে তথ্য পাচার ও গুপ্তচরবৃত্তি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.