ওভাল অফিসে প্রেসিডেন্টদের হাস্যরসাত্মক কথোপকথনে জমে উঠেছিল এক ভিন্ন রকম দৃশ্য। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা সোজাসাপ্টা বললেন, “দুঃখিত, আপনার জন্য কোনো বিমান দিতে পারছি না।”
ঘটনাটি ঘটেছিল বুধবার। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক এবং মধ্যাহ্নভোজ চলাকালীন। পাশে ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রামাফোসার কথায় হেসে ট্রাম্প বললেন, “ইচ্ছা করলেই নিতাম। যদি আপনার দেশ যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীকে একটি প্লেন দিত, আমি সেটা নিয়ে নিতাম।”
এই রসিকতা শুনে অনেকে হেসে উঠলেও, ঘটনাটি নিছক কথোপকথনের বাইরেও বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। কারণ, এর পেছনে আছে এক গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট।
সম্প্রতি কাতার সরকার ট্রাম্পকে উপহার দিয়েছে একটি বিলাসবহুল বোয়িং ৭৪৭ বিমান। ধারণা করা হচ্ছে, এটি এয়ার ফোর্স ওয়ান হিসেবে ব্যবহৃত হতে পারে। বিমানের দাম প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার। আর এতেই শুরু হয়েছে সমালোচনার ঝড়।
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এই উপহার নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। রিপাবলিকান ও ডেমোক্রেট—দুই দল থেকেই উঠেছে প্রশ্ন। একজন সাবেক প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের এমন উপহার গ্রহণ কতটা নৈতিক বা বৈধ, তা নিয়েই মূলত বিতর্কের সূত্রপাত।
এমন পরিস্থিতিতে এক সাংবাদিক ট্রাম্পকে এই বিষয়েই প্রশ্ন করেন। কিন্তু উত্তর না দিয়ে উল্টো ক্ষোভ ঝাড়েন ট্রাম্প। তিনি বলেন, “তুমি একজন বোকা। তুমি কী ধরনের সাংবাদিক! তোমার সাংবাদিক হওয়ার যোগ্যতা নেই। তুমি যথেষ্ট বুদ্ধিমান না।”
এই প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। প্রেসিডেন্ট পদে থাকা একজন ব্যক্তির কাছ থেকে এমন বক্তব্য অনেকেই গ্রহণযোগ্য মনে করছেন না। অনেকের মতে, গণতান্ত্রিক মূল্যবোধ ও প্রেসিডেন্টের মর্যাদার সঙ্গে এমন আচরণ মানানসই নয়।

