চীন ও রাশিয়ার সামরিক আধিপত্য রুখতে ‘গোল্ডেন ডোম’ নামে একটি নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই এই উচ্চাভিলাষী প্রকল্পের কথা বলে আসছিলেন ট্রাম্প। এবার সেই পরিকল্পনার আনুষ্ঠানিক নকশা চূড়ান্ত হলো।
হোয়াইট হাউসে মঙ্গলবার দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, “গোল্ডেন ডোম হবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার ইতিহাসে এক নতুন অধ্যায়। এটি আমাদের আকাশসীমা সম্পূর্ণরূপে সুরক্ষিত রাখবে এবং যেকোনো শত্রু ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করতে পারবে।”
এই প্রকল্পে নেতৃত্ব দিচ্ছেন ইউএস স্পেস ফোর্সের জেনারেল মাইকেল গেটলাইন। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী ২০২৯ সালের মধ্যেই এই প্রযুক্তি চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ২৫ বিলিয়ন মার্কিন ডলার, যা ধীরে ধীরে বেড়ে ১৭৫ বিলিয়নে পৌঁছাতে পারে। ‘গোল্ডেন ডোম’ মূলত ইসরায়েলের ‘আয়রন ডোম’ প্রতিরক্ষা প্রযুক্তি থেকে অনুপ্রেরণা নেওয়া, তবে এটি হবে আরও শক্তিশালী ও বৃহৎ পরিসরের।
এই ব্যবস্থা শুধু মহাকাশ নয় বরং সমুদ্র ও স্থলভিত্তিক হুমকির বিরুদ্ধেও কাজ করবে। এটি হাইপারসনিক মিসাইল ঠেকানোর সক্ষমতাও রাখবে বলে আশাবাদ ব্যক্ত করছেন প্রকৌশলীরা।
ট্রাম্প বলেন, “আমরা গোল্ডেন ডোমের মাধ্যমে শতভাগ সফলতা নিশ্চিত করতে চাই। এই প্রযুক্তি আমাদের ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করবে।”
প্রকল্পে কানাডাও অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানান ট্রাম্প।
বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগ মূলত চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক সক্ষমতার প্রতিক্রিয়া। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (DIA) ইতোমধ্যে সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় পিছিয়ে পড়ছে, যা জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠছে।
বিশেষজ্ঞদের মতে, গোল্ডেন ডোম যদি বাস্তবায়িত হয়, তবে এটি হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ও উচ্চ প্রযুক্তি সম্পন্ন প্রতিরক্ষা ব্যবস্থা।

