দক্ষিণ আফ্রিকায় ‘শ্বেতাঙ্গ গণহত্যা’ ও জমি দখলের অভিযোগ এনে ওভাল অফিসে উত্তেজনা সৃষ্টি করলেও- মার্জিত কূটনৈতিক ভঙ্গিতে পরিস্থিতি সামলে নেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বুধবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে প্রথমে বিবিসি প্রতিবেদন প্রকাশ করে।
বৈঠকের শুরুটা ছিল হাস্যোজ্জ্বল পরিবেশে। তবে একপর্যায়ে ট্রাম্প দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ তুললে বৈঠকের আবহ বদলে যায়। ভিডিও ও সংবাদপত্রের কাটিং দেখিয়ে ট্রাম্প দাবি করেন, ‘শ্বেতাঙ্গদের জমি জোর করে দখল করা হচ্ছে, হত্যাকাণ্ড ঘটছে এবং তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে।’
প্রদর্শিত ভিডিওটি ছিল ২০২০ সালের একটি ঘটনার, যেখানে একটি খামারে দুইজন নিহত হওয়ার পর স্থানীয় বিক্ষোভ হয়েছিল। অথচ সামগ্রিকভাবে দক্ষিণ আফ্রিকায় সহিংসতার শিকারদের অধিকাংশই কৃষ্ণাঙ্গ বলে জানাচ্ছেন বিশ্লেষকেরা।
রামাফোসা তীব্র প্রতিক্রিয়া না দেখিয়ে শান্তভাবে অভিযোগের জবাব দেন। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার বাস্তবতা জটিল এবং বৈষম্যবিরোধী সংস্কারের অংশ হিসেবে জমি সংস্কার কার্যক্রম চলছে, তবে কোনো জাতিগত নিপীড়ন ঘটছে না।
রামাফোসার সহিষ্ণু অবস্থানের প্রশংসা করে আফ্রিকান ইউনিয়নের এক কর্মকর্তা বলেন, “তিনি কৌশলে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ রক্ষা করে নিজের দেশের মর্যাদাও রক্ষা করেছেন।”
ট্রাম্প প্রশাসন এর আগেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে রয়েছে দেশটির রাষ্ট্রদূতকে বহিষ্কার, মার্কিন জরুরি সহায়তা বন্ধ, আফ্রিকানার শ্বেতাঙ্গদের আশ্রয় দেওয়ার ঘোষণা এবং ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার আইসিজে মামলার সমালোচনা।
বিশ্লেষকেরা মনে করছেন, ট্রাম্পের এই মন্তব্য মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে দক্ষিণ আফ্রিকার ইস্যু ব্যবহার এবং ট্রাম্পের শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ভোটারদের তুষ্ট করার একটি কৌশল হতে পারে।
রামাফোসার সৌজন্যমূলক ও পরিপক্ব আচরণে শেষ পর্যন্ত উত্তপ্ত বৈঠকটি বড় ধরনের কূটনৈতিক বিপর্যয়ে রূপ নেয়নি। তবে বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্র-দক্ষিণ আফ্রিকা সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করবে ট্রাম্প প্রশাসনের পরবর্তী পদক্ষেপের ওপর।

