গাজা উপত্যকায় ইসরাইলের সামরিক অভিযান যুদ্ধাপরাধের সীমার কাছাকাছি বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই বিতর্কিত বক্তব্য দেন, যা ইসরাইলি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
সাক্ষাৎকারে ওলমার্ট বলেন, এই যুদ্ধের চিত্র অত্যন্ত মর্মান্তিক- হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছেন, একই সঙ্গে বহু ইসরাইলি সেনাও নিহত হচ্ছেন। সবদিক থেকেই এটা জঘন্য ও ঘৃণিত।
তিনি আরো বলেন, এই সংঘাতের কোনও সুস্পষ্ট লক্ষ্য নেই। এমনকি এ যুদ্ধ জিম্মিদের রক্ষা করার মতো কোনো সাফল্যের দিকেও যাচ্ছে না। আমরা হামাসের খুনিদের বিরুদ্ধে লড়ছি, নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নয়- এটি পরিষ্কার হওয়া উচিত।
২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইসরাইলের প্রধানমন্ত্রী ছিলেন এহুদ ওলমার্ট। এক সময়ের ক্ষমতাধর এই রাজনীতিকের এমন মন্তব্যে ইসরাইলের ক্ষমতাসীন ডানপন্থি নেতাদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
ওলমার্টের বক্তব্যকে “লজ্জাজনক ও ক্ষতিকর” বলে আখ্যা দেন ইসরাইলের বর্তমান শিক্ষামন্ত্রী ইয়োয়াভ কিশ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ লেখেন, যখন আইডিএফ সেনারা (ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী) জীবন বাজি রেখে আমাদের ধ্বংস করতে চাওয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়ছেন, তখন একজন সাবেক প্রধানমন্ত্রী তাদের পেছনে ছুরি মারছেন।
ইসরাইলের সামাজিক সমতাবিষয়ক মন্ত্রী মাই গোলান আরো একধাপ এগিয়ে মন্তব্য করেন, এই যুদ্ধে একমাত্র অপরাধ হচ্ছে আপনি (ওলমার্ট) যোদ্ধাদের মুখে থুতু ছিটাচ্ছেন। তাঁরা আধুনিক যুগের নাৎসিদের বিরুদ্ধে লড়ছেন। গাজায় নিরীহ মানুষ আছে ঠিকই কিন্তু সে সংখ্যা ৫৮– এই ‘৫৮’ বলে তিনি বোঝাতে চেয়েছেন গাজায় এখনো জীবিত থাকা ইসরাইলি জিম্মিদের কথা।
সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ চালান ক্ষমতাসীন লিকুদ পার্টির এমপি নিসিম ভাতুরি। তিনি বলেন, ওলমার্ট একজন দুর্নীতিগ্রস্ত রাজনীতিক, যিনি রাষ্ট্রের প্রতি নিজের আস্থা হারিয়েছেন এবং এখন হামাসের মুখপাত্রে পরিণত হয়েছেন। এটি আত্মঘৃণার এক চরম বহিঃপ্রকাশ।
ওলমার্ট ইতিপূর্বে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া আরেক সাক্ষাৎকারে ইসরাইলের অবরোধ নীতিরও সমালোচনা করেন। তিনি বলেন, গাজা উপত্যকার ওপর সম্পূর্ণ অবরোধ কি যুদ্ধাপরাধ বা গণহত্যা? আমি নিশ্চিত নই। তবে এটা একান্তই অসহনীয়, অগ্রহণযোগ্য ও ক্ষমার অযোগ্য।
ইসরাইল-হামাস যুদ্ধ শুরু হয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর থেকে। এই যুদ্ধের কারণে গাজা ভূখণ্ডে প্রাণ হারিয়েছে হাজার হাজার মানুষ, যার মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। আন্তর্জাতিক মহলের একাংশ এটিকে মানবিক বিপর্যয় হিসেবে আখ্যা দিলেও ইসরাইল তাদের অবস্থানকে ‘আত্মরক্ষা’ হিসেবে ব্যাখ্যা করে আসছে।

