গ্রিসে এক সপ্তাহের ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৬। বৃহস্পতিবার (২২ মে) সকালে দেশটির ক্রিট উপকূলে এই ভূমিকম্প অনুভূত হয়, যার প্রভাবে আশপাশের উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস (GFZ) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূমধ্যসাগরের তলদেশে, এবং এর গভীরতা ছিল ৭৭ কিলোমিটার। এ ঘটনায় সুনামির ঝুঁকি থাকার আশঙ্কা প্রকাশ করে উপকূলীয় বাসিন্দা ও পর্যটকদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ভূমিকম্পের মাত্রা নিয়ে দুটি ভিন্ন তথ্য পাওয়া গেছে। গ্রিসের জিওডায়নামিক্স ইনস্টিটিউট জানিয়েছে, কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ১। অন্যদিকে ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) জানিয়েছে, এটি ছিল ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প।
তীব্র ভূকম্পনের কারণে তুরস্ক, লেবানন, মিশর ও ইসরায়েলেও কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্প-পরবর্তী মুহূর্তে এসব দেশেও জরুরি সতর্কতা অবলম্বন করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ মে গ্রিসের কাসোস দ্বীপের কাছে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর থেকে গ্রিসের দক্ষিণাঞ্চলে কয়েক দফায় ভূকম্পন অনুভূত হয়। ধারাবাহিক এই ভূমিকম্পে উপকূলীয় জনজীবনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
গ্রিসের সিভিল প্রটেকশন বিভাগ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ইতোমধ্যেই উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করেছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে।

