পরমাণু কর্মসূচি এবং নিষেধাজ্ঞা ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পঞ্চম দফার আলোচনা আগামী শুক্রবার (২৩ মে) ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এ তথ্য নিশ্চিত করেছেন। খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইএরএনএ (IRNA)
বাকাই জানান, এই আলোচনার প্রস্তাব ও মধ্যস্থতা এসেছে ওমানের পক্ষ থেকে এবং তেহরান ইতোমধ্যে এতে সম্মতি দিয়েছে। তার ভাষায়, “ইরানি আলোচনাকারী দল আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি, সমৃদ্ধকরণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো বিষয়ে সর্বোচ্চ অধিকার আদায়ে অবিচল থাকবে।”
এর পূর্বে গত রোববার ওমানে অনুষ্ঠিত হয়েছিল যুক্তরাষ্ট্র ও ইরানের চতুর্থ দফার পরোক্ষ আলোচনা, যেখানে ইরানের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন বিশেষ দূত স্টিভ উইটকফ।
ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনা উভয় দেশই ‘অগ্রগতিশীল’ বলে উল্লেখ করেছে। আলোচনার মূল বিষয়বস্তু ছিল:
- ইরানের পারমাণবিক কর্মসূচি,
- ২০১৫ সালের পরমাণু চুক্তির বিকল্প কোনো সমঝোতা,
- যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার।
এদিকে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার বিষয়ে গভীর সন্দেহ প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি সাফ জানিয়ে দেন, “ইরান কোনো জাতীয় ইস্যুতে বাইরের কারও অনুমতির অপেক্ষায় থাকে না।” যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, “আমরা আমাদের পথ নিজেই ঠিক করি, কারও চাপ মেনে চলার প্রশ্নই ওঠে না।”
২০১৮ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি (JCPOA) থেকে বের করে নেন। এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায় এবং ইরান ধীরে ধীরে চুক্তির সীমা অতিক্রম করতে শুরু করে।
চলমান এই আলোচনাগুলো মূলত পরমাণু কার্যক্রম সীমিত করে নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাবনা তৈরির জন্যই আয়োজন করা হচ্ছে।

