মিয়ানমারের চলমান রাজনৈতিক ও মানবিক সংকট মোকাবিলায় আসিয়ান ও মালয়েশিয়ার পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছে জাপান। দেশটিতে সম্প্রতি ঘটে যাওয়া ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে জানিয়েছেন মালয়েশিয়ায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নোরিউকি শিকাতা।
মালয়েশিয়ার বার্তা সংস্থা বারনামা জানিয়েছে, শিকাতা বলেছেন, মিয়ানমারে পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে। জাপান ইতোমধ্যেই মানবিক সহায়তা পাঠিয়েছে, তবে এটি কার্যকরভাবে বাস্তবায়ন অত্যন্ত চ্যালেঞ্জিং। এ অবস্থায় মালয়েশিয়ার নেতৃত্ব ও আসিয়ানের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, মালয়েশিয়া যেহেতু এই বছর আসিয়ানের চেয়ার- তাই আমরা তাদের নেতৃত্বে কাজ করতে প্রস্তুত। জাপান সবসময় আসিয়ানের ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং এই সংকটেও আমরা সেই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই।
ভূমিকম্পে বিপর্যস্ত মিয়ানমার-
আসিয়ান মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (AHA) জানিয়েছে, গত ২৮ মার্চ মিয়ানমারের মান্দালয়ের কাছে ভূমিকম্পে অন্তত ৩,৭০০ জন নিহত হয়েছেন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫ লাখ ৮ হাজারের বেশি মানুষ এবং ১০৬টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় ২৮,৫০০ জন। ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব ১.৭ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।
আসিয়ানের সঙ্গে জাপানের সম্পর্ক-
জাপান ১৯৭৭ সালে আনুষ্ঠানিকভাবে আসিয়ানের ডায়লগ পার্টনার হয় এবং ২০২৩ সালে এই সম্পর্ক ‘কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপে’ উন্নীত হয়। আসিয়ান প্লাস থ্রি, আসিয়ান প্লাস সিক্স, ইস্ট এশিয়া সামিট ও আসিয়ান রিজিওনাল ফোরামের মাধ্যমে জাপান দীর্ঘদিন ধরেই আসিয়ানের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে।
চলতি বছরের সেপ্টেম্বরে মালয়েশিয়া ও জাপান একসাথে ‘এশিয়া জিরো এমিশন কমিউনিটি (AZEC)’ মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজন করবে, যেখানে পরিচ্ছন্ন জ্বালানি খাতে আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
মালয়েশিয়ার সঙ্গে জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক-
শিকাতা জানান, “জাপান ও মালয়েশিয়ার মধ্যে শিক্ষা ও প্রযুক্তি খাতে দৃঢ় সহযোগিতা রয়েছে।” ২০২৪ সালেই মালয়েশিয়ায় ইউনিভার্সিটি অব তসুকুবার প্রথম আন্তর্জাতিক শাখা ক্যাম্পাস চালু হতে যাচ্ছে- যা জাপানের প্রথম বিদেশি বিশ্ববিদ্যালয় শাখা।
এছাড়া ২০১২ সালে প্রতিষ্ঠিত মালয়েশিয়া-জাপান ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব টেকনোলজি (MJIIT) দুই দেশের মধ্যে বিদ্যমান শিক্ষাবান্ধব সম্পর্কের গুরুত্বপূর্ণ নিদর্শন।
ফিলিস্তিন ইস্যুতে জাপানের অবস্থান-
ফিলিস্তিন বিষয়ে জাপানের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন শিকাতা। তিনি বলেন, জাপান CEAPAD (Conference on Cooperation among East Asian Countries for Palestinian Development)-এর মাধ্যমে গাজার দীর্ঘমেয়াদি উন্নয়নে সহায়তা দিয়ে যাচ্ছে। তার ভাষায়, “শিক্ষা এবং কর্মসংস্থান নিশ্চিত করলেই টেকসই শান্তি সম্ভব। এই প্রক্রিয়ায় আমরা মালয়েশিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

