ভারতের সঙ্গে যুদ্ধবিরতির পর দ্বিপাক্ষিক বাণিজ্য ও সম্পর্ক স্বাভাবিক করার পক্ষে মত দিয়েছেন অন্তত ৫০ শতাংশ পাকিস্তানি নাগরিক। সম্প্রতি গ্যালাপ পাকিস্তানের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ সূত্রে জানা যায়, জরিপটি পরিচালিত হয় গত ১২ থেকে ১৮ মে পর্যন্ত সময়ের মধ্যে- যেখানে দেশজুড়ে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ’ নাগরিক অংশ নেন।
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৩৫ শতাংশ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিপক্ষে অবস্থান নেন। তারা মত দেন, দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক আদান-প্রদান শুরুর আগে সমাধান করতে হবে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলো।
দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করতে কোন কোন খাতে অগ্রাধিকার দেওয়া উচিত- এই প্রশ্নে ৪৮ শতাংশ পাকিস্তানি মনে করেন, ক্রীড়া সহযোগিতা সম্পর্ক উন্নয়নের অন্যতম পথ হতে পারে। অন্যদিকে ৪৫ শতাংশের মতে, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করাও গুরুত্বপূর্ণ। তবে উভয় ক্ষেত্রেই ৩৫ শতাংশ অংশগ্রহণকারী এ ধরনের উদ্যোগের বিরোধিতা করেন।
এছাড়া ১৯৪৭ সালের বিভাজন প্রসঙ্গে প্রশ্ন করা হলে, ৮৬ শতাংশ পাকিস্তানি জানান, তারা ভারতের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্তের পক্ষে। মাত্র ৪ শতাংশ এর বিরোধিতা করেন এবং ৭ শতাংশ কোনো মত প্রকাশে অনিচ্ছা জানান।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানকে দায়ী করে পাল্টা হামলা চালায়। পাকিস্তানও এরপর জবাবি হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়, যদিও ভারত সে ভূমিকা স্বীকার করেনি।
এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এই জরিপে পাকিস্তানি জনমতের এমন অংশ উঠে আসা দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে নতুন করে আলোচনার দ্বার খুলতে পারে বলে মত বিশ্লেষকদের।

