উত্তর কোরিয়ার একটি নতুন যুদ্ধজাহাজের উদ্বোধনী অনুষ্ঠানে বড় ধরনের দুর্ঘটনার ঘটনা ঘটেছে। অনুষ্ঠানে উপস্থিত দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এই ঘটনাকে ‘চূড়ান্ত অবহেলাজনিত অপরাধ’ হিসেবে আখ্যা দিয়ে দায়ীদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন।
বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, পূর্বাঞ্চলীয় বন্দর চংজিনে বুধবার এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার টন ওজনের একটি নতুন ডেস্ট্রয়ার জাহাজ পানিতে নামানোর সময় গুরুতর দুর্ঘটনা ঘটে। কিম জং উনের উপস্থিতিতে অনুষ্ঠানের মধ্যেই জাহাজটির নিচের কিছু অংশ ভেঙে পড়ে এবং ভারসাম্য হারায় বলে জানায় কেসিএনএ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিজ্ঞতার অভাব ও ব্যবস্থাপনাগত অবহেলা থেকেই এই দুর্ঘটনা ঘটেছে।
কিম জং উন এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন,
“এ ধরনের গুরুতর অবহেলা কোনওভাবেই সহ্য করা হবে না। এটি একটি অপরাধমূলক কর্মকাণ্ড এবং যারা এই ঘটনার জন্য দায়ী, তাদের উপযুক্ত শাস্তি পেতে হবে।”
উল্লেখযোগ্য যে, এর এক মাস আগেই উত্তর কোরিয়া ‘চো হিয়ন’ নামের আরেকটি পাঁচ হাজার টনের ডেস্ট্রয়ার শ্রেণির যুদ্ধজাহাজ উদ্বোধন করেছিল। সেই অনুষ্ঠানে কিমের কন্যা কিম জু এ-কে সঙ্গে নিয়ে হাজির হন তিনি- যিনি অনেক পর্যবেক্ষকের মতে, সম্ভাব্য উত্তরসূরি হিসেবেও বিবেচিত।
উত্তর কোরিয়ার দাবি, ‘চো হিয়ন’ অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত এবং ২০২৫ সালের শুরুতেই এটি পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করবে।
এদিকে সাম্প্রতিক দুর্ঘটনাটি দেশটির প্রতিরক্ষা শিল্প ও নেতৃত্বের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কিম জং উনের এই মন্তব্যের পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেই ধারণা বিশ্লেষকদের।

