হামাসের শীর্ষ নেতা মোহাম্মদ সিনওয়ারকে ‘সম্ভবত’ হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা উপত্যকার কার্যত এ নেতাকে সম্প্রতি লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।
বুধবার এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, “আমরা হাজার হাজার সন্ত্রাসীকে নির্মূল করেছি। ঘাতক নেতাদের- দেইফ, হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার এবং সম্ভবত মোহাম্মদ সিনওয়ারকে হত্যা করেছি।”
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়, গাজার খান ইউনিসে ইউরোপীয় একটি হাসপাতালে ইসরায়েলি হামলায় ২৮ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন। এই হামলায়ই মোহাম্মদ সিনওয়ার ইসরায়েলের লক্ষ্যবস্তু ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
আমাদের বাহিনী গাজার আরো বেশি এলাকা দখল করে নিচ্ছে। অভিযান শেষ হলে গাজা উপত্যকার সব এলাকা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে।
— বেনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী
হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ভাই মোহাম্মদ সিনওয়ার বহুদিন ধরেই গাজার গোপন নেতৃত্বে সক্রিয় ছিলেন। তার মৃত্যুর খবর নিশ্চিত হলে- তা হবে হামাস নেতৃত্বের ওপর আরো একটি বড় ধাক্কা। তবে এতে সংগঠনটি এখনো নেতৃত্বশূন্য হয়নি।
এ বিষয়ে হামাসের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

