ভারতের ছত্তিশগড় রাজ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন শীর্ষ মাওবাদী নেতা কেশব রাও। বুধবার (২২ মে) রাজ্যের বস্তার ডিভিশনের নারায়ণপুর জেলার গভীর জঙ্গলে চালানো ওই অভিযানে রাওসহ আরো ২৭ জন মাওবাদী সদস্য নিহত হন বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অভিযানকালে নিরাপত্তা বাহিনীর এক সদস্যও প্রাণ হারিয়েছেন বলে জানায় কর্তৃপক্ষ। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য দেখা যায়।
অমিত শাহ বলেন, “গত তিন দশকে এই প্রথমবারের মতো কোনো শীর্ষ মাওবাদী নেতাকে হত্যা করতে সক্ষম হলো নিরাপত্তা বাহিনী।”
নিহত কেশব রাও প্রকৌশলী ছিলেন এবং ‘বাসবরাজু’সহ একাধিক ছদ্মনামে পরিচিত ছিলেন। তিনি নিষিদ্ধ ঘোষিত কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মাওবাদী)-এর সাধারণ সম্পাদক এবং ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিলেন।
ছত্তিশগড় পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা বিবেকানন্দ সিনহা জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। এতে শীর্ষ পর্যায়ের একাধিক মাওবাদী সদস্য নিহত হন।
অভিযানের প্রশংসা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “এই অসাধারণ সাফল্যের জন্য আমি আমাদের বাহিনীকে নিয়ে গর্বিত।”
অন্যদিকে ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) অভিযানে শীর্ষ নেতার মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে।
উল্লেখ্য ছত্তিশগড়সহ ভারতের কয়েকটি রাজ্যে কয়েক দশক ধরেই চলছে মাওবাদী বিদ্রোহ। কেন্দ্রীয় সরকারের দাবি, এই সশস্ত্র আন্দোলন বন্ধ করতে ২০২৬ সালের মার্চের মধ্যে তারা দৃঢ় প্রতিজ্ঞ। এরই অংশ হিসেবে গত মাসে ‘ব্ল্যাক ফরেস্ট’ নামের একটি বড় আকারের সামরিক অভিযান শুরু করে ভারত।
সরকারি পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে দেশজুড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৮৭ জন মাওবাদী নিহত হয়েছেন, যার বেশিরভাগই ছত্তিশগড়ে। ১৯৬০-এর দশক থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১০ হাজার মানুষ।

