মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের রাজপরিবারের উপহার হিসেবে পাওয়া একটি বিলাসবহুল বোয়িং ৭৪৭ জেটবিমান গ্রহণ করেছেন। এ নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও সমালোচনা।
ওয়াশিংটন টাইমস-এর বরাতে জানা যায়, গত বুধবার পেন্টাগন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, কাতার থেকে পাওয়া এই উড়োজাহাজটিকে ‘এয়ার ফোর্স ওয়ান’ হিসেবে ব্যবহারের উপযোগী করে রূপান্তর করবে বিমান বাহিনী।
ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের সময়, গত ১১ মে প্রথমবারের মতো প্রকাশ্যে আসে এই উপহার গ্রহণের বিষয়টি। পরে প্রেসিডেন্ট নিজেই জানান, এটা প্রতিরক্ষা বিভাগকে দেওয়া হয়েছে, আমাকে নয়। মেয়াদ শেষে আমি এটি ব্যবহার করব না। ট্রাম্প আরও বলেন, এ ধরনের উপহার প্রত্যাখ্যান করাটা বোকামি হবে।
যদিও হোয়াইট হাউস এই উপহার গ্রহণকে আইনসম্মত বলে ব্যাখ্যা দিয়েছে- তবুও এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজনৈতিক সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট। সমালোচনার তীরে কেবল বিরোধীরা নয়, তাঁর নিজ দল থেকেও নেতারা ক্ষোভ প্রকাশ করছেন।
২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন বলেছেন, কেউ ৪০ কোটি মার্কিন ডলারের উড়োজাহাজ বিনামূল্যে দেয় না। কিছু না কিছু প্রত্যাশা থাকে- এবং ট্রাম্পের ক্ষেত্রেও হয়তো সেটাই ঘটছে।
রিপাবলিকান সিনেটর র্যান্ড পল ফক্স নিউজকে বলেন, সেটি সঠিক কি না, সে প্রশ্ন পরে। কিন্তু এটি যে নৈতিক দৃষ্টিকোণ থেকে প্রশ্নবিদ্ধ, তা বিবেচনা করেই উপহারটি গ্রহণ করা উচিৎ হয়নি। তিনি আরও বলেন, এখন প্রশ্ন হচ্ছে, আমরা কাতারের মানবাধিকার রেকর্ড নিয়ে কতটা স্বাধীনভাবে কথা বলতে পারব?
রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ পর্যন্ত সতর্ক করেছেন যে, এই উড়োজাহাজ গুপ্তচরবৃত্তি ও নজরদারির ঝুঁকি তৈরি করতে পারে।
এদিকে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের সব নিয়ম মেনেই এই বিমান গ্রহণ করা হয়েছে। তবে সংবিধান অনুযায়ী, কংগ্রেসের অনুমোদন ছাড়া যুক্তরাষ্ট্র সরকার অন্য দেশের কাছ থেকে উপহার গ্রহণ করতে পারে না। এই বিমান গ্রহণ এখনো কংগ্রেসের অনুমোদন পায়নি- যা নিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধছে।

