গাজায় ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ বৃহস্পতিবার (২২ মে) ভোর থেকে শুরু হওয়া হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮৫ জন ফিলিস্তিনি। একইসঙ্গে অনাহারে মৃত্যুর সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ২৯-এ, যাদের অধিকাংশই শিশু ও বয়স্ক।
শুক্রবার (২৩ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মধ্য গাজার দেইর আল বালাহ অঞ্চলের আল-মাঘাজি শরণার্থী শিবিরে চালানো হামলার পর বহু হতাহতকে স্থানীয় আল-আকসা শহীদ হাসপাতালে নেয়া হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক যেসব শিশু ও বৃদ্ধ মারা গেছেন, তাদের মধ্যে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে দীর্ঘ অনাহারের ফলে। এগুলোকে ‘অনাহারজনিত মৃত্যু’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মানবিক সহায়তা পুরোপুরি বন্ধ থাকায় এ সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে এবং অঞ্চলজুড়ে হাজার হাজার মানুষ এখন চরম দুর্ভিক্ষের ঝুঁকিতে।
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান বলছে, চলমান সংঘাতে ফিলিস্তিনে এখন পর্যন্ত ৫৩ হাজার ৭৬২ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ২২ হাজার ১৯৭ জন। তবে গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, নিহতের প্রকৃত সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। এই হিসাবের মধ্যে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজদেরও মৃত হিসেবে ধরা হয়েছে।
জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো গাজায় জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা পৌঁছাতে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানালেও এখন পর্যন্ত তা সম্ভব হয়নি। মানবিক বিপর্যয়ের গভীরতা আরও বাড়ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

