ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা দিয়েছেন, ভারতের মধ্য দিয়ে প্রবাহিত অভিন্ন নদীগুলোর পানি পাকিস্তান আর পাবে না। বৃহস্পতিবার রাজস্থানের একটি জনসভায় এই মন্তব্য করেন তিনি, যা ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
মোদি বলেন, “প্রতিটি সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে চড়া মূল্য দিতে হবে- সেটি তাদের সেনাবাহিনী হোক বা অর্থনীতি।”
এই বক্তব্যের পেছনে রয়েছে ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সংঘটিত একটি বন্দুকধারীর হামলা, যার জন্য নয়াদিল্লি সরাসরি ইসলামাবাদকে দায়ী করেছে। যদিও পাকিস্তান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
হামলার জেরে ভারত তার সঙ্গে পাকিস্তানের ১৯৬০ সালের সিন্ধু পানিচুক্তি সাময়িকভাবে স্থগিত করে। এই ঐতিহাসিক চুক্তির মাধ্যমে পাকিস্তানের কৃষি খাত প্রয়োজনীয় ৮০ শতাংশ পানি পায়, যা আসে ভারত থেকে প্রবাহিত তিনটি বড় নদী- সিন্ধু, ঝেলাম ও চেনাব থেকে।
বিশ্লেষকরা বলছেন, এই পানি বন্ধের হুমকি দক্ষিণ এশিয়ায় নতুন এক মানবিক ও কূটনৈতিক সংকটের ইঙ্গিত দিচ্ছে। পাকিস্তান দীর্ঘদিন ধরেই ভারতীয় জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে অভিযোগ করে আসছে।
পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল মনসুর উসমান আওয়ান বলেন, “আমরা আলোচনায় বসতে প্রস্তুত। তবে ভারতকে চুক্তির শর্ত মেনে চলতে হবে। এটি একতরফাভাবে স্থগিত করার সুযোগ নেই।” সূত্র: রয়টার্স
তিনি জানান, ভারত সম্প্রতি পাকিস্তানকে একটি চিঠি দিয়েছে যেখানে জনসংখ্যা ও পরিচ্ছন্ন জ্বালানির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে চুক্তি সংশোধনের প্রস্তাব রাখা হয়েছে।
বর্তমানে ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, সীমান্তে গোলাগুলির ঘটনা নেই এবং কিছু সেনা পুনর্বিন্যাস করা হয়েছে। তবে অভিন্ন নদীর পানিপ্রবাহ বন্ধ নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে সামরিক ও কূটনৈতিক টানাপড়েন তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের পদক্ষেপ শুধুমাত্র দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককেই নয়, গোটা দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক ভারসাম্যকেও প্রভাবিত করতে পারে।

