কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে প্রবেশে নতুন মাত্রা যোগ করলেন সাবেক মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। নিজস্ব কণ্ঠস্বরের এআই রেপ্লিকা ব্যবহার করে প্রকাশ করেছেন তাঁর আত্মজীবনীর একটি অডিওবুক। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
সাত ঘণ্টা দৈর্ঘ্যের এই অডিওবুকটির নাম “Melania- The AI Audiobook”। এর দাম নির্ধারণ করা হয়েছে ২৫ ডলার। অডিওবুকটি সম্পূর্ণ এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হলেও মেলানিয়ার ভাষ্য অনুযায়ী, এতে ব্যবহৃত কণ্ঠটি তাঁর আসল কণ্ঠের ‘নকল’ বা রেপ্লিকা।
একটি সাদাকালো গ্রাফিক ভিডিওতেও শোনা যায় এক কণ্ঠ- “আমার গল্প, আমার দৃষ্টিভঙ্গি, সত্যতা।” যদিও সেটি আসল কণ্ঠ না এআই প্রযুক্তিতে নির্মিত তা স্পষ্ট নয়।
কিছুদিন আগেই ডিপফেক এবং এআই প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন মেলানিয়া ট্রাম্প। এমনকি স্বামী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বিলে স্বাক্ষর করেন, যাতে এআই বা বাস্তব কনটেন্ট ব্যবহার করে নির্মিত ‘প্রতিশোধমূলক পর্নোগ্রাফি’ অনলাইনে প্রকাশ করলে তা ফেডারেল অপরাধ হিসেবে গণ্য হবে।
তবে এবার সেই এআইকেই ব্যবহার করে মেলানিয়া তুলে ধরলেন নিজের গল্প। নিজের পোস্টে তিনি লেখেন, “আমার নিজস্ব কণ্ঠস্বর ব্যবহার করে পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বর্ণিত অডিওবুক আপনাদের সামনে উপস্থাপন করতে পেরে আমি সম্মানিতবোধ করছি। প্রকাশনার নতুন যুগ শুরু হোক।”
অডিওবুকটির ওয়েবসাইটে জানানো হয়েছে, মেলানিয়ার অনুমতি ও নির্দেশনা অনুযায়ীই এআই কণ্ঠ তৈরি করা হয়েছে। বছর শেষে বইটির একাধিক বিদেশি ভাষার সংস্করণ প্রকাশের পরিকল্পনাও রয়েছে।
২০১৭ সালে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর বেশিরভাগ সময় আড়ালে ছিলেন মেলানিয়া। তবে সম্প্রতি ‘টেক ইট ডাউন অ্যাক্ট’-এর পক্ষে প্রচারণায় অংশ নিয়ে সক্রিয় রাজনীতিতে ফেরার ইঙ্গিত দেন।
বর্তমানে তিনি একটি তথ্যচিত্র সিরিজ তৈরিতেও ব্যস্ত রয়েছেন, যার সম্প্রচারের জন্য অ্যামাজনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। জানা গেছে, এই চুক্তির আর্থিক মূল্য কয়েক কোটি ডলার।
প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও মেলানিয়ার এআই-ভিত্তিক অডিওবুক প্রকাশ এই প্রশ্নও সামনে এনেছে- এই যুগে কি জনপ্রিয় ব্যক্তিদের জন্য নিজের কণ্ঠ ও ছবি নিয়ন্ত্রণ করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে?

