অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্টি হওয়া এই দুর্যোগে এখন পর্যন্ত অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ নিখোঁজ রয়েছেন। পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ৫০ হাজার বাসিন্দা। পরিস্থিতিকে প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
বিবিসির খবরে দেখা যায়, দক্ষিণাঞ্চলের সিডনি ও নিউক্যাসল শহরে গত রাত থেকে ভারি বর্ষণ শুরু হয়, যা পুরো অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি করেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ‘তারে’ শহর, যেখানে নদীর পানি ইতিহাসে রেকর্ড ৬ দশমিক ৩ মিটার পর্যন্ত বেড়ে যায়।
অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টি এখনো থামার কোনো সম্ভাবনা নেই এবং আগামী দিনগুলোতে দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ইতিমধ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ দুর্গত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।
বন্যার কারণে নিউ সাউথ ওয়েলস জুড়ে শতাধিক স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাজার হাজার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান। আশ্রয়হীন মানুষদের জন্য খোলা হয়েছে জরুরি আশ্রয়কেন্দ্র। বন্যার পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে প্রায় ১০ হাজার বাড়ি।
সরকারি ও জরুরি সেবা সংস্থাগুলো দিনরাত উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৫০০-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে- তাহলে ক্ষয়ক্ষতির মাত্রা আরো বাড়বে।

