২০২৩ সালের জুনে আটলান্টিক মহাসাগরের গভীরে বিস্ফোরণে ধ্বংস হয়ে যাওয়া ওশেনগেটের টাইটান সাবমেরিন নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। মার্কিন কোস্ট গার্ডের (ইউএসজিসি) তদন্তে উঠে এসেছে, সাবমেরিনটি কখনোই প্রয়োজনীয় সার্টিফিকেশন পায়নি এবং এর কাঠামো ছিল তীব্র সমুদ্রচাপ মোকাবেলার জন্য অনুপযুক্ত।
সম্প্রতি প্রকাশিত তদন্ত ফুটেজে দেখা যায়, সাবমেরিনটি ডুব দেওয়ার প্রায় ৯০ মিনিটের মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায়। এ ঘটনায় ওশেনগেটের সিইও স্টকটন রাশ, ব্রিটিশ অভিযাত্রী হামিশ হার্ডিং, প্রবীণ ফরাসি ডাইভার পল হেনরি নার্গিওলেট, ব্রিটিশ-পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ ও তার ছেলে সুলেমানসহ পাঁচ আরোহীর সবাই নিহত হন। তারা টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে প্রায় ৩ হাজার ৮০০ মিটার গভীরে ডুব দিয়েছিলেন।
বিবিসির প্রাপ্ত ভিডিও ফুটেজে জানা গেছে, ওশেনগেটের পরিচালক ও সিইওর স্ত্রী ওয়েন্ডি রাশ বিস্ফোরণের শব্দ শুনেও প্রথমে বুঝতে পারেননি কী ঘটছে। সে সময় সাবমেরিন থেকে একটি টেক্সট বার্তা আসে, যাতে বলা হয় ‘ওজন কমানো হয়েছে’। পরে তদন্তে প্রমাণিত হয়, ওই শব্দই ছিল হালের ভেঙে পড়া ও বিস্ফোরণের প্রতিধ্বনি।
বিশেষজ্ঞদের মতে, টাইটানের কাঠামো কার্বন ফাইবার ও রেজিনের সংমিশ্রণে তৈরি হওয়ায় গভীর সমুদ্রের ভয়াবহ চাপ সহ্য করার ক্ষমতা ছিল না। তদন্তকারীরা সাবমেরিনে ‘ডিলামিনেশন’ নামক এক বিপজ্জনক প্রক্রিয়ার চিহ্ন পেয়েছেন, যেখানে কার্বন ফাইবারের স্তরগুলো আলাদা হয়ে যায়। ইউএসজিসি জানিয়েছে, এই প্রক্রিয়া শুরু হয়েছিল ২০২২ সালের এক ডাইভেই, তবে এরপরও সাবমেরিনটি একাধিকবার সমুদ্রগর্ভে অভিযানে পাঠানো হয়।
গভীর সমুদ্র অনুসন্ধান বিশেষজ্ঞরা আগে থেকেই সাবধান করেছিলেন যে, কার্বন ফাইবার এ ধরনের অভিযানের জন্য উপযুক্ত নয়। কিন্তু এসব সতর্কতা উপেক্ষা করে সাবমেরিন পরিচালনা করে গিয়েছিল ওশেনগেট- যার ফলাফল হয়েছিল মারাত্মক।
মার্কিন কোস্ট গার্ড জানিয়েছে, টাইটান দুর্ঘটনা নিয়ে তদন্ত এখনো চলমান এবং চলতি বছরের শেষের দিকে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। এ ঘটনায় গাফিলতির প্রমাণ পাওয়া গেলে ভবিষ্যতে দায় নির্ধারণে আইনি পদক্ষেপও নেওয়া হতে পারে।

