একটি জনশূন্য গ্রামের গল্প দিয়ে শুরু করা যেতে পারে ইতালির জাতীয় সংকটের বিবরণ। দক্ষিণ ইতালির কালাব্রিয়া অঞ্চলের পাহাড়ঘেরা নিঃসঙ্গ গ্রাম পেনতেদাত্তিলোতে প্রায় চার দশক ধরে একাই বসবাস করছেন রোজেল্লা আকুইলান্তি। যখন ১৯৮৩ সালে কর্মসংস্থানের অভাবে স্থানীয়রা এলাকা ছাড়তে শুরু করেন, তখন ২০ বছর বয়সী রোজেল্লা সিদ্ধান্ত নেন থেকে যাবেন এবং গ্রামটিকে ‘জীবন্ত’ রাখবেন। এখন ৬৩ বছর বয়সেও তিনি সেই সংকল্পে অটল। তার লড়াই শুধু একটি গ্রামের নয় বরং প্রতীক হয়ে উঠেছে গোটা ইতালির সমাজ ও অর্থনৈতিক বাস্তবতার।
রোজেল্লা ছাগল পালন করে, জলপাই গাছের যত্ন নেন, আর বুনো সবজি ফলিয়ে নিজ খামার চালান। কিছুদিন আগে তিনি তার জীবিকার কাজে সাহায্যের জন্য গ্রহণ করেছেন একজন কিশোরকে- মালি থেকে আগত এক শরণার্থী, মাকা তোউনকারাকে। সরকারি নিয়ম মেনেই তাকে শরণার্থী শিবির থেকে নিজের গ্রামে এনেছেন রোজেল্লা। এই কিশোর এখন কাজ করে ছাগলের দেখভাল ও জলপাই সংগ্রহে, আর তার উপার্জন পাঠিয়ে দেয় নিজ পরিবারকে।
এই সম্পর্ক শুধু মানবিক নয় বরং প্রতিফলন ঘটায় একটি বৃহৎ বাস্তবতার- ইতালির জনসংখ্যা সংকট ও শ্রমবাজারে বিদেশি শ্রমিকের প্রয়োজনীয়তা।

জনসংখ্যা হ্রাস: টিকে থাকার চ্যালেঞ্জ-
ইতালি এখন ইউরোপের সবচেয়ে দ্রুত বয়স্ক জনসংখ্যার দেশগুলোর একটি। ২০১৪ সাল থেকে দেশটির জনসংখ্যা ধারাবাহিকভাবে হ্রাস পাচ্ছে। ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, গত দশকে ইতালির জনসংখ্যা কমেছে ১৪ লাখ- যা মিলান শহরের মোট জনসংখ্যার সমান। বর্তমানে ইতালির জনসংখ্যা ৫ কোটি ৮০ লাখের নিচে নেমে এসেছে। শুধু ২০২৪ সালেই মৃত্যুর তুলনায় জন্ম কমেছে ২ লাখ ৮১ হাজার।
নারীদের গড় সন্তান জন্মদানের হার মাত্র ১.২, যেখানে জনসংখ্যা স্থিতিশীল রাখতে প্রয়োজন ২.১ হার। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ২০৫০ সাল নাগাদ ইতালির এক-তৃতীয়াংশ জনগোষ্ঠীর বয়স হবে ৬৫ বছরের বেশি।
আরও উদ্বেগের বিষয় হলো- দেশত্যাগ। ২০২৩ সালে প্রায় ১ লাখ ৯১ হাজার ইতালীয় নাগরিক দেশ ছেড়েছেন- যা গত ২৫ বছরে সর্বোচ্চ। এই ধারা অব্যাহত থাকলে শ্রমশক্তির ঘাটতি আরও প্রকট হবে।

অর্থনৈতিক স্থবিরতা: দক্ষিণ-উত্তরের দ্বৈততা-
জনসংখ্যার সংকটের সঙ্গে জড়িয়ে আছে অর্থনীতির স্থবিরতা। ইউরোজোনের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়া সত্ত্বেও ইতালি ২০২৩ সালে পরপর দুই প্রান্তিকে কোনো জিডিপি প্রবৃদ্ধি দেখেনি। ING ব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ পাওলো পিজ্জোলির মতে, ২০২৪ সালের বার্ষিক প্রবৃদ্ধি হতে পারে মাত্র ০.৭ শতাংশ, যেখানে সরকারের লক্ষ্য ছিল ১.২ শতাংশ।
বেকারত্বের হারও উদ্বেগজনক। ২০২৩ সালে সার্বিক হার ছিল ৭.৬ শতাংশ, তবে দক্ষিণাঞ্চলে তা ১৫-১৭ শতাংশ, আর উত্তরাঞ্চলে মাত্র ৩ শতাংশের কাছাকাছি। এই বৈষম্য শুধু অর্থনৈতিক নয়, সামাজিক বিভাজনেরও ইঙ্গিত দেয়।

অভিবাসন ও বিদেশি শ্রমিক: সমাধান না সংকট?
এই শ্রমঘাটতি পূরণে সম্ভাবনা তৈরি করেছে অভিবাসী শ্রমিকরা। ২০২৩ সালে ইতালিতে বিদেশিদের সংখ্যা বেড়ে দাঁড়ায় মোট জনসংখ্যার ৯.২ শতাংশ বা ৫৪ লাখে। কিন্তু অভিবাসনবিরোধী রাজনৈতিক শক্তির উত্থান সেই সম্ভাবনাকে বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
একদিকে অর্থনীতির জন্য প্রয়োজন বৈধ অভিবাসন ও বিদেশি শ্রমশক্তি, অন্যদিকে রাজনীতিতে এর বিরুদ্ধে ব্যাপক জনমত তৈরি হচ্ছে। এই টানাপোড়েনের মাঝখানে দিশাহীন হয়ে পড়ছে ইতালির ভবিষ্যৎ পরিকল্পনা।

কোন পথে ইতালি?
রোজেল্লার মতো মানুষের ব্যক্তিগত প্রয়াস যেখানে আশার আলো জ্বালায়, সেখানে রাষ্ট্রীয় পরিকল্পনার অভাব ভবিষ্যতের সামনে তৈরি করছে বড় প্রশ্ন। ইতালিকে জনসংখ্যা হ্রাস, অর্থনৈতিক স্থবিরতা ও অভিবাসন সংকট একযোগে মোকাবিলা করতে হবে।

সমাধান হয়তো রয়েছে- যদি সরকার দীর্ঘমেয়াদি জনসংখ্যা পুনরুদ্ধার পরিকল্পনা নেয়, দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ঘটায়, বৈধ অভিবাসনকে সুনির্দিষ্ট কাঠামোর আওতায় নিয়ে আসে- আর প্রযুক্তি ও শিক্ষায় বিনিয়োগ বাড়ায়।
অন্যথায়, পেনতেদাত্তিলোর মতো গ্রামগুলো হয়তো একদিন গোটা ইতালির চিত্র হয়ে উঠবে- নির্জন, পরিত্যক্ত, অতীতের স্মারক।
ভবিষ্যতের ইতালি কি ইতিহাসের পাতায় স্থান পাবে, নাকি নতুন পথ রচনার সাহস দেখাবে?- সেই সিদ্ধান্ত এখন সময়ের হাতে।

