যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনায় আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির অধিকার হারাল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে বিশ্বের অন্যতম প্রভাবশালী ও প্রাচীন এই শিক্ষাপ্রতিষ্ঠান আর কোনো বিদেশি শিক্ষার্থীকে ভর্তি করতে পারবে না। এমনকি বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের অন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর না হলে- তারা হারাতে পারেন অভিবাসন বৈধতাও।
বৃহস্পতিবার (২২ মে) মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এক বিবৃতিতে বিষয়টি জানায়। এতে বলা হয়, ‘স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম (SEVP)’-এর আওতায় হার্ভার্ডের স্বীকৃতি বাতিলের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী ক্রিস্টি নোয়েম। একইসঙ্গে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও সতর্ক করে দেওয়া হয়েছে।
নোয়েম অভিযোগ করেন, হার্ভার্ডে সন্ত্রাসবাদ, ইহুদি-বিদ্বেষ এবং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) সঙ্গে সমন্বিত কর্মকাণ্ড চালানো হয়েছে। যদিও এ ব্যাপারে কোনো নির্দিষ্ট ঘটনা বা প্রমাণ প্রকাশ করা হয়নি।
হার্ভার্ড প্রশাসন এই সিদ্ধান্তকে ‘অবৈধ ও প্রতিশোধপরায়ণ’ বলে আখ্যা দিয়ে বলেছে, এ সিদ্ধান্ত হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যতের ওপর সরাসরি প্রভাব ফেলবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে এবং এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবে।
এদিকে মার্কিন প্রশাসন হার্ভার্ডের ওপর বেশ কিছু শর্তও আরোপ করেছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিগত পাঁচ বছরে বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের জড়িত কোনো সহিংসতার তথ্য, ছবি, ভিডিও ও অডিও প্রমাণ দিতে বলা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্তের পেছনে ইসরায়েলবিরোধী বিক্ষোভের জেরে বিশ্ববিদ্যালয় ও সরকারের মধ্যে চলমান উত্তেজনাই বড় ভূমিকা রেখেছে। সম্প্রতি গাজা যুদ্ধ ও ফিলিস্তিনের সমর্থনে হার্ভার্ড ক্যাম্পাসে যে আন্দোলন চলছে, তার কড়া সমালোচনা করেছে ট্রাম্প-ঘনিষ্ঠ মহল।
বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় সাত হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনা করছেন। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে- তাদের একটি বড় অংশকে শিক্ষাবর্ষের মাঝপথেই শিক্ষাজীবন ঝুঁকিতে পড়তে পারে।
এই নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা ব্যবস্থায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভূমিকা ও গ্রহণযোগ্যতা নিয়েও নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। অনেকে আশঙ্কা করছেন, এর ফলে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহ হারাতে পারেন বহু বিদেশি শিক্ষার্থী- যা ভবিষ্যতে দেশটির বৈশ্বিক নেতৃত্বের এক বড় চ্যালেঞ্জে পরিণত হতে পারে।

