ভারতে অবৈধভাবে বসবাস করা ২ হাজার ৩৬৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠাতে প্রস্তুত ভারত। এ বিষয়ে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে অনুরোধও জানিয়েছে দিল্লি।
বৃহস্পতিবার (২২ মে) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান। ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস প্রতিবেদনটি প্রকাশ করেছে।
সংবাদ সম্মেলনে জয়সওয়াল বলেন, আমাদের কাছে এমন একটি তালিকা আছে, যেখানে ২ হাজার ৩৬৯ বাংলাদেশির নাম রয়েছে। তারা ভারতে অবৈধভাবে অবস্থান করছেন। তাদের দ্রুত ফেরত পাঠানো প্রয়োজন। এজন্য বাংলাদেশকে নাগরিকত্ব যাচাইয়ের অনুরোধ জানিয়েছি।
তিনি বলেন, শুধু বাংলাদেশিই নয়, যেকোনো দেশের নাগরিক যদি অবৈধভাবে ভারতে থাকে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যারা বিদেশি এবং আইনের বাইরে অবস্থান করছে, তাদের দেশেও ফিরিয়ে দেওয়া হবে।
ভারতের হাতে থাকা তালিকায় থাকা অনেক বাংলাদেশি ইতোমধ্যে কারাদণ্ড ভোগ করেছেন। কিন্তু অনেকের নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া ২০২০ সাল থেকে আটকে আছে। এতে ফেরত পাঠানোর কাজ থমকে গেছে।
ভারতীয় মুখপাত্র জানান, এখনও দেশটিতে অনেক বাংলাদেশি আছেন যাদের দেশে ফেরত পাঠানো দরকার। সেই কাজ দ্রুত করতে নাগরিকত্ব যাচাই জরুরি।
চলতি মে মাসের শুরুতে ভারতের আসামের দক্ষিণ সালমারা জেলায় পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করে নিরাপত্তা বাহিনী। পরে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

