গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা অভিযানে মৃত্যুর মিছিলে যোগ হলো আরো ৭৬ ফিলিস্তিনি। নিহতদের মধ্যে ৫০ জনই গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের বাসিন্দা। পাশাপাশি আহত হয়েছেন আরো অন্তত ১৮৫ জন। শনিবার (২৪ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ইসরায়েলি অভিযানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৮২২ জনে এবং আহত হয়েছেন ১ লাখ ২২ হাজার ৩৮২ জন। নিহত ও আহতদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা অনেকের সন্ধান না পাওয়ায় প্রকৃত প্রাণহানি আরও বেশি হতে পারে।
২০২৩ সালের অক্টোবরের ৭ তারিখে হামাসের আকস্মিক হামলার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সেই হামলায় ১২০০ ইসরায়েলি নাগরিক নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে ফিলিস্তিনি যোদ্ধারা।
এর জবাবে গাজা উপত্যকায় টানা সামরিক অভিযান চালাতে থাকে ইসরায়েল। যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহলের চাপের মুখে চলতি বছরের ১৯ জানুয়ারি যুদ্ধবিরতির ঘোষণা দিলেও তা টেকেনি। মাত্র দুই মাসের মধ্যেই, ১৮ মার্চ থেকে ফের হামলা শুরু করে আইডিএফ।
দ্বিতীয় দফার এই অভিযানে আড়াই মাসে নিহত হয়েছেন আরও ৩ হাজার ৬৭৩ জন এবং আহত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ।
২০২৩ সালের হামলায় অপহৃত ২৫১ জনের মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত রয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। আইডিএফ জানিয়েছে, সামরিক অভিযান চালিয়েই তাদের উদ্ধারের চেষ্টা চালানো হবে।
ইসরায়েলের বিরুদ্ধে গাজায় ‘গণহত্যা’ চালানোর অভিযোগে ইতোমধ্যে আন্তর্জাতিক আদালত (আইসিজে)-এ মামলা হয়েছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় একাধিকবার নেতানিয়াহু সরকারকে গাজায় অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে।
তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়েছেন, “হামাসকে নিশ্চিহ্ন করা এবং জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত গাজায় অভিযান থামবে না।”
গাজা এখনো রক্তাক্ত। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অসংখ্য প্রাণ, আর মানবিক বিপর্যয়ের মুখে দাড়িয়ে রয়েছে ফিলিস্তিনি জনগণ। আন্তর্জাতিক চাপ বাড়লেও- যুদ্ধ থামার কোনো আভাস মিলছে না। এখন প্রশ্ন উঠছে- আর কত মৃত্যু হলে থামবে এই ধ্বংসযজ্ঞ?

