সাড়ে তিন বছরের রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইতিহাসে এক অভাবনীয় ঘটনার সাক্ষী হলো বিশ্ব। যুদ্ধের এক দিনে দুই পক্ষ মিলিয়ে মোট ৭৮০ জন যুদ্ধবন্দিকে মুক্তি দিয়েছে রাশিয়া ও ইউক্রেন। শুক্রবার (২৩ মে) এই বন্দিমুক্তির খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিটি পক্ষ ২৭০ জন সামরিক এবং ১২০ জন বেসামরিক বন্দিকে মুক্তি দিয়েছে, ফলে মোট মুক্তিপ্রাপ্ত সংখ্যা দাঁড়িয়েছে ৭৮০ জনে- ৩৯০ জন করে উভয় দেশের নাগরিক। এর মধ্যে ইউক্রেনের মুক্তিপ্রাপ্তদের একজন সুমি শহরের বাসিন্দা ওলেক্সান্দার নেহির। মুক্তির মুহূর্তে উপস্থিত ছিলেন তার স্ত্রীও। আবেগঘন পুনর্মিলনে নেহির বলেন, “আমি শুধু এটুকু বলতে পারি, কখনো আশা হারাতে নেই।”
বন্দিমুক্তির এ উদ্যোগ আসে সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত রাশিয়া-ইউক্রেন সরকারের উচ্চপর্যায়ের এক বৈঠকের পর। আলোচনায় উভয় দেশ ৫০০ জন করে মোট ১,০০০ বন্দিকে মুক্তি দিতে সম্মত হয়। তারই অংশ হিসেবে শুক্রবার মুক্তি দেওয়া হলো প্রথম ৭৮০ জনকে। বাকি ২২০ জনকে শনিবার ও রবিবার মুক্তি দেওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট এবং চলমান যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী ডোনাল্ড ট্রাম্পও এ ঘটনাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “মস্কো ও কিয়েভের এই সমঝোতা কি আমাদেরকে বড় কোনো সুসংবাদের দিকে নিয়ে যাবে?”
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নৃশংসতা ও দীর্ঘস্থায়ীত্বের মধ্যে এই বন্দিমুক্তি অনেকের কাছে এক টুকরো আশার আলো হয়ে এসেছে। যদিও যুদ্ধের ময়দান এখনো শান্ত হয়নি, তবুও কূটনৈতিক এই অগ্রগতি ভবিষ্যতের সম্ভাব্য শান্তি চুক্তির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবন্দিদের মানবিক মুক্তি কেবল একটি প্রাথমিক ধাপ। টিকে থাকা শান্তি প্রক্রিয়ার জন্য উভয় পক্ষের আরও বৃহৎ রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক চাপ প্রয়োজন। এদিকে আগামী সপ্তাহগুলোতে নতুন করে যুদ্ধবিরতি অথবা শান্তি আলোচনা শুরু হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
এই বন্দিমুক্তি হয়তো যুদ্ধের অবসান নয় কিন্তু তা একটি মানবিক বার্তা- আস্থা হারানো চলবে না।

