সিরিয়ার ওপর থেকে আনুষ্ঠানিকভাবে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর শুক্রবার সিরিয়ার জন্য সাধারণ লাইসেন্স জারি করে মার্কিন অর্থ মন্ত্রণালয় (ট্রেজারি ডিপার্টমেন্ট)। এর মাধ্যমে দেশটির অর্থনীতি ও অবকাঠামো পুনর্গঠনের পথে নতুন সম্ভাবনা সৃষ্টি হলো।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, আজকের এই পদক্ষেপ সিরিয়াকে একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাষ্ট্রে রূপান্তরের পথে এগিয়ে নিতে সহায়ক হবে। আমরা সিরিয়ার উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনায় আশাবাদী।
এ মাসের শুরুতে সৌদি আরব সফরে গিয়ে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অনুরোধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন ট্রাম্প। এর ঠিক পরদিন তিনি সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারারের সঙ্গে বৈঠক করেন। দীর্ঘ দুই দশকে এটাই প্রথম মার্কিন-সিরিয়ান শীর্ষ পর্যায়ের বৈঠক। ট্রাম্প আল-শারারকে তরুণ, আকর্ষণীয় ও শক্তিশালী অতীতের অধিকারী নেতা হিসেবে অভিহিত করেন।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একে মানবিক ও অর্থনৈতিক দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আখ্যায়িত করেছে। তারা আশা প্রকাশ করেছে, এ সিদ্ধান্ত সিরিয়ার জনগণের জন্য দীর্ঘমেয়াদে সুফল বয়ে আনবে।
ট্রেজারি ডিপার্টমেন্ট স্পষ্ট করে জানায়, এই নিষেধাজ্ঞা প্রত্যাহার রাশিয়া, ইরান বা উত্তর কোরিয়াকে কোনো সুবিধা দেবে না। বরং এটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সিরিয়ার পুনর্গঠন প্রক্রিয়ায় সহায়ক হবে। নতুন লাইসেন্সের আওতায় বেসরকারি খাতের বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম শুরু করা যাবে।
ওয়াশিংটনের দাবি, আসাদ সরকারের সন্ত্রাসবাদে সহায়তা ও দমননীতি এখন ইতিহাস। নতুন অধ্যায়ে প্রবেশ করতে হলে সিরিয়াকে সন্ত্রাসীদের আশ্রয় না দেওয়ার পাশাপাশি ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, বাস্তব অগ্রগতি পর্যবেক্ষণের মাধ্যমে তারা সিরিয়ায় ভবিষ্যৎ সহায়তা চালিয়ে যাবে।
বিশ্লেষকদের মতে, সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক অবস্থান পুনর্গঠনের ইঙ্গিত দিচ্ছে। ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ কৌশলের অংশ হিসেবে এই সিদ্ধান্ত ভবিষ্যতে সিরিয়াকে পশ্চিমা বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে পারে।
যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত শুধু সিরিয়ার জন্য নয় বরং গোটা মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন কূটনৈতিক বাস্তবতার সূচনা করতে পারে। শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের পথে ফিরে যাওয়ার এ সুযোগ কতটা কাজে লাগাতে পারে সিরিয়া- তা এখন বিশ্ব নজরে।

