জার্মানির হামবুর্গ শহরের প্রধান রেলস্টেশনে ছুরিকাঘাতের ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এই হামলার ঘটনা ঘটে। হামলার পরপরই ৩৯ বছর বয়সী এক জার্মান নারীকে আটক করা হয়েছে, যিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। শনিবার তাকে আদালতে তোলা হবে।
হামবুর্গ পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান অ্যাবেনসেথ জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হামলাটি একজনের একক উদ্যোগে সংঘটিত এবং এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। বরং সন্দেহভাজন নারী মানসিক চাপ বা অস্থিরতার মধ্যে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। সূত্র: বিবিসি
পুলিশের হোমিসাইড ইউনিট ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং হামলাকারীর উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে রেলস্টেশনের ১৩ ও ১৪ নম্বর প্ল্যাটফর্মের মধ্যবর্তী স্থানে, যেখানে একটি ট্রেন দাঁড়ানো ছিল। স্থানটি ব্যস্ততম একটি সড়ক দিয়ে প্রবেশযোগ্য হওয়ায় তাৎক্ষণিকভাবে বড় আকার ধারণ করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আহতদের অনেককে ট্রেনের ভেতরেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর স্টেশন এলাকায় ব্যাপকসংখ্যক পুলিশ, অ্যাম্বুলেন্স এবং জরুরি সেবা কর্মী মোতায়েন করা হয়। স্টেশনটির চারটি প্ল্যাটফর্ম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং ট্রেন চলাচলে বিলম্ব ও রুট পরিবর্তন করা হয়।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যার্জ ঘটনাটিকে ‘ভয়াবহ’ বলে আখ্যা দিয়ে জরুরি সেবা কর্মীদের দ্রুত সাড়া দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জার্মান রেল কর্তৃপক্ষ ডয়চে বানও নিরাপত্তাজনিত ব্যবস্থার কথা নিশ্চিত করেছে।
ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গেছে, একজন আহত ব্যক্তিকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং সন্দেহভাজন নারীকে হাতকড়া পরিয়ে পুলিশ সদস্যরা স্টেশন থেকে বের করে নিয়ে যাচ্ছেন।
হামবুর্গ সেন্ট্রাল স্টেশন জার্মানির অন্যতম ব্যস্ত পরিবহন কেন্দ্র, যেখানে প্রতিদিন গড়ে ৫.৫ লাখ যাত্রী চলাচল করেন। বিশেষ করে শুক্রবারে যাত্রীর চাপ সবচেয়ে বেশি থাকে।
উল্লেখ্য এটি সাম্প্রতিক সময়ে জার্মানিতে সংঘটিত একাধিক সহিংস ঘটনার মধ্যে সর্বশেষ। এর আগে জানুয়ারিতে আশাফেনবুর্গে পার্কে ছুরিকাঘাতে এক শিশু ও এক প্রাপ্তবয়স্ক নিহত হন, ফেব্রুয়ারিতে বার্লিনে হোলোকাস্ট স্মৃতিসৌধে ছুরিকাহত হন এক স্প্যানিশ পর্যটক এবং গত ডিসেম্বরে মাগডেবুর্গে ক্রিসমাস মার্কেটে গাড়ি হামলায় ছয়জন নিহত ও শতাধিক আহত হন।
এই ধরনের ধারাবাহিক সহিংসতার প্রেক্ষাপটে জার্মান সরকার সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে এবং অভিবাসন ইস্যুটি ফেব্রুয়ারির ফেডারেল নির্বাচনে কেন্দ্রীয় রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়।

