কাশ্মীরে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যকার সামরিক উত্তেজনার মধ্যে ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। তবে দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী আরও একধাপ এগিয়ে বলছেন- পাকিস্তান চাইলে এর চেয়েও বেশি বিমান ভূপাতিত করতে পারত কিন্তু ‘দায়িত্বশীল’ সিদ্ধান্তের কারণে তারা তা করেনি। সূত্র: বিবিসি উর্দু
বিবিসি উর্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে আইএসপিআরের ডিজি বলেন, “ভারত এখনো উসকানিমূলক আচরণ করছে। তারা আগুন নিয়ে খেলছে, যার পরিণতি হতে পারে ভয়াবহ।”
তিনি বলেন, “পহেলগামে হামলার পর ভারতের কেউই সুরক্ষা ব্যবস্থায় গাফিলতির প্রশ্ন তুলছে না। ভারত একতরফাভাবে পরিস্থিতির ব্যাখ্যা দিচ্ছে এবং যারা নিপীড়নের কথা বলছে, তাদের কণ্ঠস্বর শোনা হচ্ছে না। এই বিস্ফোরণের পেছনে রয়েছে সেই অবিচার- যা তারা নিজেরাই করেছে।”
আহমেদ শরিফ চৌধুরী দাবি করেন, ৬ ও ৭ মে রাতের সংঘর্ষে পাকিস্তান প্রতিরক্ষামূলক জবাব দেয় এবং ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করে। তবে তার ভাষায়, আমরা চাইলে এর চেয়েও বেশি বিমান ভূপাতিত করতে পারতাম। কিন্তু আমাদের নেতৃত্ব দায়িত্বশীলভাবে সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরো বলেন, পাকিস্তান এই হামলার পর নিজ দেশের ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে। ভারত আমাদের প্রতিক্রিয়াশীল পদক্ষেপ ঠেকাতে পারেনি। আমরা থামিনি, ভারত আমাদের থামাতে পারেনি।
জেনারেল শরিফ জানান, ৯ ও ১০ মে মধ্যরাতে ভারতশাসিত কাশ্মীরের প্রতিরক্ষা স্থাপনায় পাকিস্তানের জবাবি হামলা ছিল “সুসংহত, সিদ্ধান্তমূলক এবং আনুপাতিক।” তিনি বলেন, পাকিস্তান সীমিত সামরিক শক্তি ব্যবহার করে প্রযুক্তিগত দক্ষতার একটি ক্ষুদ্র কিন্তু কার্যকর প্রদর্শন করেছে।
তার মতে, এই হামলার পর ভারত সংলাপের কথা বলা শুরু করেছে এবং উত্তেজনা প্রশমনের ইচ্ছা দেখিয়েছে। এতে বোঝা যায়, ভারত পরিস্থিতি বুঝে ‘পিছু হটার পথ’ বেছে নিয়েছে।
সাক্ষাৎকারে পরমাণু যুদ্ধের আশঙ্কা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এই প্রশ্নের উত্তর পররাষ্ট্র মন্ত্রণালয় দেবে। আমরা সেনাবাহিনী হিসেবে রাজনীতি বা কূটনীতিতে নেতৃত্ব দিই না- তবে অংশীদার হতে পারি।”
এই মন্তব্যগুলো এমন সময় এলো, যখন ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষ ও কূটনৈতিক উত্তেজনা চরমে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুই পরমাণু শক্তিধর দেশের এমন পাল্টাপাল্টি অবস্থান দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতার ওপর দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারে।

