সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে মে মাসেই রেকর্ড গড়েছে গরম। দেশটির আল শোয়ামেখ এলাকায় শুক্রবার (২৪ মে) তাপমাত্রা উঠেছে ৫০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মাসের এখন পর্যন্ত সর্বোচ্চ এবং ইতিহাসেরও অন্যতম উষ্ণতম বলে জানিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ।
আমিরাতের ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) জানায়, স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে রেকর্ড করা এ তাপমাত্রা ২০০৩ সাল থেকে আবহাওয়া সংক্রান্ত তথ্য সংরক্ষণের ইতিহাসে মে মাসে সর্বোচ্চ। এর আগে ২০০৯ সালের মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫০ দশমিক ২ ডিগ্রি।
তীব্র গরমে অস্বস্তিতে পড়েছেন দেশটির বাসিন্দারা। আবহাওয়া অফিস জানায়, এখনো গ্রীষ্ম পুরোপুরি শুরু না হলেও ইতোমধ্যে গরমের তীব্রতা ও আর্দ্রতা দুই-ই বাড়ছে। উপকূলীয় এলাকাগুলোতে আর্দ্রতার কারণে গরম আরও বেশি অনুভূত হচ্ছে।
যদিও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বাতাস বইছে, তবুও সূর্যের প্রখর তাপের কাছে এসব স্বস্তি যেন অকার্যকর।
চলতি বছর এপ্রিল মাসেও রেকর্ড করেছে আমিরাত। এনসিএম জানায়, এবার এপ্রিল ছিল দেশটির ইতিহাসে সবচেয়ে উষ্ণ মাসগুলোর একটি। ওই মাসে গড় তাপমাত্রা ছিল ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা আগের রেকর্ড (৪২.২ ডিগ্রি, এপ্রিল ২০১৭) ছাড়িয়ে গেছে।
আবহাওয়া বিশ্লেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমিরাতে গরমের ধরণ ক্রমেই চরমে উঠছে। এতে জনস্বাস্থ্য ও জীবনযাত্রা-দুইই চাপের মুখে পড়ছে।

