সিন্ধু পানি চুক্তি নিয়ে জাতিসংঘে পাকিস্তানের মন্তব্যের পাল্টা জবাবে কড়া অবস্থান নিয়েছে ভারত। পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের বৈশ্বিক কেন্দ্র’ হিসেবে আখ্যা দিয়ে ভারতের স্থায়ী প্রতিনিধি পারভতনেনি হরিশ ঘোষণা করেছেন, ইসলামাবাদ যতদিন সীমান্তপারে সন্ত্রাসে মদদ দেওয়া বন্ধ না করবে, ততদিন ৬৫ বছর পুরনো সিন্ধু পানি চুক্তি কার্যকর থাকবে না।
শনিবার (২৪ মে) এনডিটিভির প্রতিবেদনে উঠে আসে, জাতিসংঘে পাকিস্তানের প্রতিনিধি যখন বলেন “পানি হলো জীবন, যুদ্ধের অস্ত্র নয়” তখন ভারত পাল্টা জবাবে জানায়, চুক্তির মৌলিক চেতনা বারবার ভেঙেছে পাকিস্তান নিজেই।
ভারতীয় প্রতিনিধি হরিশ বলেন, “১৯৬০ সালে চুক্তি স্বাক্ষরের পর পাকিস্তান তিনবার ভারতকে যুদ্ধে জড়িয়েছে এবং হাজার হাজার সন্ত্রাসী হামলার পেছনে সক্রিয়ভাবে জড়িত থেকেছে।” তিনি আরো দাবি করেন, গত চার দশকে পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসে প্রাণ হারিয়েছেন অন্তত ২০ হাজার ভারতীয়।
দিল্লির অভিযোগ, জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা হুমকি এবং আধুনিকায়নের প্রয়োজনীয়তা মাথায় রেখে কয়েকটি বাঁধ পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হলেও- পাকিস্তান এতে বাধা সৃষ্টি করছে। ভারত গত দুই বছরে চুক্তির কিছু ধারা সংস্কারের প্রস্তাব দিলেও পাকিস্তান কোনো সদিচ্ছা দেখায়নি বলেও জানানো হয়।
হরিশ বলেন, “পাকিস্তান সিন্ধু চুক্তিকে আন্তর্জাতিক সহানুভূতি আদায়ের হাতিয়ার বানানোর চেষ্টা করছে, অথচ তারাই সন্ত্রাসের মূল পৃষ্ঠপোষক। এই বাস্তবতা মেনে না নিলে দক্ষিণ এশিয়ায় শান্তি সম্ভব নয়।”
বিশ্লেষকদের মতে, ভারতের এই কড়া বার্তা শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয় বরং গোটা দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতিতে একটি নতুন মোড় আনতে পারে। সন্ত্রাসবাদ এবং জলসম্পদ- এই দুই স্পর্শকাতর ইস্যুকে একসূত্রে গেঁথে চুক্তি স্থগিতের হুমকি এক নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

