উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে শুধু বিশ্ববিদ্যালয়ের মান নয়; শিক্ষাবান্ধব পরিবেশ, জীবনযাত্রার মান, নিরাপত্তা এবং কর্মসংস্থানের সম্ভাবনা- এই সবকিছু মিলিয়ে অনেক বিবেচনায় শহর বেছে নেন আন্তর্জাতিক শিক্ষার্থীরা। এসব দিক মাথায় রেখে ২০২৫ সালের জন্য ‘কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিস’ র্যাঙ্কিং প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (QS)।
বিশ্বের শীর্ষ ১০ শিক্ষানগরীর তালিকায় এবারও শীর্ষে রয়েছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন। টানা চার বছর ধরে এই অবস্থান ধরে রেখেছে শহরটি। লন্ডনের পাশাপাশি টোকিও, সিউল, মিউনিখ ও মেলবোর্নের মতো শহরগুলো স্থান পেয়েছে তালিকায়। র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের মান, শিক্ষার্থী বৈচিত্র্য, আকর্ষণ, চাকরির সুযোগ, জীবনযাত্রার ব্যয় এবং শিক্ষার্থীদের অভিজ্ঞতা- এই ছয়টি মানদণ্ড বিবেচনা করা হয়।
তালিকায় থাকা শীর্ষ ১০ শহর ও তাদের বৈশিষ্ট্য:
- লন্ডন, যুক্তরাজ্য (স্কোর: ১০০)
ইম্পেরিয়াল কলেজ, ইউনিভার্সিটি অব লন্ডনের মতো বিশ্ববিদ্যালয় ছাড়াও সাশ্রয়ী আবাসন, নিরাপত্তা ও কাজের সুযোগ শিক্ষার্থীদের আকর্ষণ করে। - টোকিও, জাপান (৯৯.২)
আধুনিক প্রযুক্তি ও ঐতিহ্যের মিশেলে গড়া এই শহরে রয়েছে অসংখ্য বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান এবং পরিচ্ছন্ন, নিরাপদ পরিবেশ। - সিউল, দক্ষিণ কোরিয়া (৯৭.৮)
আধুনিকতা, ঐতিহ্য, এবং উচ্চমানের প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার জন্য পরিচিত সিউল উচ্চশিক্ষার্থীদের জন্য দ্রুত জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। - মিউনিখ, জার্মানি (৯৭.৭)
প্রযুক্তি ও ব্যবসায় শিক্ষার পাশাপাশি উদ্যোক্তাদের জন্য সহায়ক পরিবেশ মিউনিখকে বিদেশি শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। - মেলবোর্ন, অস্ট্রেলিয়া (৯৭.১)
ইউনিভার্সিটি অব মেলবোর্ন ও মনাশ ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানের পাশাপাশি এখানকার বহুসাংস্কৃতিক জীবনধারা শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়। - সিডনি, অস্ট্রেলিয়া (৯৫.৪)
প্রাকৃতিক সৌন্দর্য, বিশ্বমানের বিশ্ববিদ্যালয় এবং আরামদায়ক পরিবেশ—সব মিলিয়ে সিডনি পড়াশোনার জন্য একটি আদর্শ শহর। - প্যারিস, ফ্রান্স (৯৪.৬)
সংস্কৃতি ও উচ্চশিক্ষার মেলবন্ধন শহরটিকে করে তুলেছে জ্ঞানচর্চার অনন্য স্থান। - জুরিখ, সুইজারল্যান্ড (৯৪.৫)
ইটিএইচ জুরিখের মতো বিশ্ববিদ্যালয় এবং চাকরির সম্ভাবনা জুরিখকে শীর্ষ তালিকায় জায়গা করে দিয়েছে। - বার্লিন, জার্মানি (৯৪.৪)
তুলনামূলক কম খরচে উচ্চমানের শিক্ষা গ্রহণের সুযোগ এবং প্রগতিশীল পরিবেশ বার্লিনকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় করেছে। - মন্ট্রিয়ল, কানাডা (৯২.১)
দ্বিভাষিক সংস্কৃতি, সাশ্রয়ী জীবনযাত্রা এবং গবেষণার সুযোগ মন্ট্রিয়লকে উচ্চশিক্ষায় অন্যতম সেরা শহর হিসেবে গড়ে তুলেছে।
বিশ্বব্যাপী উচ্চশিক্ষা প্রত্যাশীদের জন্য এই তালিকাটি ভবিষ্যৎ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ নির্দেশনা হিসেবে কাজ করতে পারে।

