ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ইউরোপীয় নেতাদের ওপর দায় চাপিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদেওন এই হত্যাকাণ্ডের জন্য ইউরোপীয় দেশগুলোকে অভিযুক্ত করে বলেন, এই হামলা ইহুদি বিদ্বেষ এবং ইসরায়েলবিরোধী উসকানির ফল, যার মূল উত্স ইউরোপ।
ইসরায়েলের মতে, ইউরোপীয় রাজনীতিবিদদের সমালোচনা ও নিন্দা ইসরায়েলবিরোধী ঘৃণার পরিবেশ তৈরি করছে। এই বক্তব্যে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফ্রান্স, কানাডা ও যুক্তরাজ্যের সমালোচনা করে বলেন, এই দেশগুলো গাজায় ইসরায়েলের অভিযান বন্ধ করতে চাপ দিচ্ছে এবং মানবিক সহায়তা পাঠানোর আহ্বান জানিয়ে আসলে হামাসকে উৎসাহ দিচ্ছে।
এর আগে ফ্রান্স, কানাডা ও যুক্তরাজ্য গাজায় ইসরায়েলি অভিযানকে “নৃশংসতা” বলে নিন্দা জানিয়েছিল এবং পশ্চিম তীরের অবৈধ বসতির কারণে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছিল। ইসরায়েল এই প্রতিক্রিয়াকে ‘হামাসকে শক্তি জোগানোর সমান’ বলে উল্লেখ করে।
তবে এই মন্তব্য প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় তিন দেশই। তারা নেতানিয়াহুর বক্তব্যকে “অযৌক্তিক ও মানহানিকর” বলে মন্তব্য করেছে। চলমান উত্তেজনার প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন জানায়, তারা ইসরায়েলের সঙ্গে থাকা সব চুক্তি পুনর্বিবেচনা করবে। যুক্তরাজ্যও মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করেছে।
এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে- ইসরায়েল কি তার পুরনো বন্ধুদের হারাচ্ছে?
বিশ্লেষক ইয়াইর ওয়ালাচ মনে করেন, ওয়াশিংটনে দুই ইসরায়েলি কর্মীর মৃত্যু ইসরায়েলবিরোধী অবস্থান বদলাবে না। তার মতে, যুক্তরাষ্ট্র হয়তো নীতিগতভাবে কিছু বদল বিবেচনা করতে পারে, তবে তারা মূলত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই আগ্রহী।
বিশ্লেষকদের মতে, গাজায় দীর্ঘমেয়াদি সামরিক অভিযান এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ইসরায়েলকে এক ধরনের কূটনৈতিক নিঃসঙ্গতার দিকে ঠেলে দিচ্ছে। ইউরোপের সাবেক ঘনিষ্ঠ মিত্ররাও এখন প্রকাশ্যে সমালোচনায় মুখর। আর যুক্তরাষ্ট্রও আগের মতো নিরঙ্কুশ সমর্থন থেকে সরে সতর্ক অবস্থান নিয়েছে। বিশ্ব রাজনীতিতে ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে তেলআবিব।

